ফরিদপুরে লিচুর উজ্জ্বল সম্ভাবনা
তরিকুল ইসলাম হিমেল, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৫০
প্রাকৃতিক কারণেই ফরিদপুর জেলায় লিচু আবাদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা উদ্যোগী হলেই ফরিদপুর অঞ্চলে ব্যাপক হারে গড়ে উঠতে পারে লিচুর বাগান। উত্পাদিত হতে পারে কোটি কোটি টাকার লিচু। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে গত এক যুগে নতুন করে প্রায় অর্ধশতাধিক লিচু বাগান গড়ে উঠেছে। এ ইউনিয়নের নতুন পুরাতন মিলিয়ে লিচু বাগানের সংখ্যা প্রায় দেড়শত। স্থানীয় বয়স্করা জানালেন, এই অঞ্চলে এক সময় “যে লাগায় লিচু, তার থাকে না কিছু” এ ধরনের প্রবাদ প্রচলন ছিল। এর কারণে বাড়ী ধারে কাছেও কেউ লিচু গাছ লাগাতো না। এমন সময়েই জাহাপুর অঞ্চলের মানুষেরা গড়ছেন বিপরীত দৃষ্টান্ত। এঅঞ্চলের অধিকাংশ বাড়ীতেই দু’একটি হলেও লিচুগাছ রয়েছে। আর যার জমি রয়েছে, তারা অন্য ফসলের তুলনায় লিচু আবাদ লাভজনক হওয়ায় এখন লিচু চাষের দিকেই ঝুঁকছেন। স্থানীয়রা জানান, লিচুর মূল্য বৃদ্ধির কারণেই বেড়ে গেছে লিচুর আবাদ। এখন প্রতি বছরই বাগানের পরিমাণ বাড়ছে। প্রকাশ, লিচু গাছ লাগালে সেই জমিতে দশ বছর পর্যন্ত অন্য ফসলও আবাদ করা সম্ভব। এই সময়ে লিচু গাছের জন্য বাড়তি কোন খরচের প্রয়োজন হয় না। গত বছর এ অঞ্চল থেকে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার লিচু বিক্রি করা হয়েছিল, এবছর তা কোটি টাকা ছাড়িয়ে যাবে। ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ভাস্কর চক্রবর্তী বললেন, কেউ লিচু আবাদে আগ্রহী হলে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হবে।