রোনালদিনহোয় আস্থা রাখলেন স্কোলারি

অভিজ্ঞ প্লে মেকার রোনালদিনহো ব্রাজিল দলে নিজের জায়গা টিকিয়ে রেখেছেন। কোচ লুই ফিলিপ স্কোলারি আগামি সপ্তাহে চিলির বিরুদ্ধে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচটির জন্য মঙ্গলবার যে দল ঘোষণা করেন তাতে আস্থা রাখেন রোনালদিনহোর উপর। ব্রাজিলের বেলো হোরিজোনতে শহরে অবস্থিত বিশ্বকাপ ভেন্যু মিনেইরোতে এ খেলাটি অনুষ্ঠিত হবে। কয়েকদিন আগে বলিভিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ৪-০ গোলের জয়ে ভাল অবদান রেখেছিলেন অ্যাতলেটিকো মিনেইরোর আক্রমণভাগের এই খেলোয়াড়। জুনে ব্রাজিলেই অনুষ্ঠেয় কনফেডারেশন কাপের আগে স্কোলারি মুলত ঘরোয়া লিগের খেলোয়াড়দের নিয়েই প্রীতি ম্যাচগুলো খেলাচ্ছেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আক্রমণভাগে ঠাঁই পেতে নেইমার, লিয়ানড্রো ড্যামিয়ানো ও আলেকজান্ডার পাতোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। অপরদিকে করিন্থিয়ান্সের পলিনহো, সাও পাওলোর জ্যাডসন ও গ্রেমিওর ফার্নান্ডো মিডফিল্ডে জায়গা পেতে লড়বেন। ইউরোপীয় খেলোয়াড়দের ছাড়া দল গঠনের কারণে চিলির বিরুদ্ধে দেখা যাবে না প্যারি সেন জার্মেইর থিয়াগো সিলভা ও লুকাস মৌউরাকে, রিয়াল মাদ্রিদের কাকা ও মার্সেলো, বায়ার্ন মিউনিখের সেন্টার ব্যাক ডানতে ও চেলসির সেলেচাওত্রয় র্যামিরেস, অস্কার ও ডেভিড লুইজকে। সাম্বাফুট।