বোস্টন ম্যারাথন নিয়মিত আয়োজনের আশ্বাস আয়োজকদের

বোস্টন ম্যারাথনের আয়োজকরা জানিয়েছেন, প্রতিবারের মতই পূর্বসূচী অনুযায়ী আগামী বছরও ইভেন্টটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, অপরাধীদের খুঁজে বের করতে আইন-শৃংখলা রক্ষা বাহিনীগুলোর সাথে কাজ করে যাওয়ার কথাও জানান তারা। শতাব্দী প্রাচীন বোস্টন ম্যারাথনে গত সোমবার ভয়াবহ বোমা হামলায় আট বছরের এক শিশুসহ তিনজন প্রাণ হারান। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৮৩ জন যাদের মধ্যে ১৩ জনের পা কেটে ফেলতে হয়েছে। তদন্তকারীরা এই বোমা বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে জোর তত্পরতা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বোস্টন অ্যাথলেটিক এসোসিয়েশনের নির্বাহী পরিচালক থমাস গ্রিলকে বলেছেন, ‘২০১৪ সালে ১১৮তম বোস্টন ম্যারাথন আয়োজনের মাধ্যমে আমরা এই ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরো বলেন, ‘তদন্তের জন্য আমরা বোস্টন শহর, ম্যাসাচুসেটাস কমনওয়েলথ এবং প্রায় সব প্রাদেশিক আইন- শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছি। তদন্তের স্বার্থেই আমরা এর থেকে বেশী কিছু এই মুহূর্তে বলতে চাচ্ছি না। বোস্টন ম্যারাথন আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সাথে দীর্ঘদিনের ইতিহাস জড়িত।’-বাসস/এএফপি