কক্সবাজারে বাঁকখালী নদীর বাঁধ টেকসই করার দাবি

কক্সবাজার শহর সংলগ্ন বাঁকখালী নদীর দুই তীরে ১১ কিলোমিটার দীর্ঘ নতুন দু’টি বেড়ীবাঁধের কাজ এখন শেষ হওয়ার পথে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বাঁধ দুটি নির্মাণ করছে। তবে এ বাঁধ দু’টির স্থায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট মহল শংকা প্রকাশ করে জানিয়েছে, নদীতীরের ভাঙন কবলিত অংশে পর্যাপ্ত ব্লক ও স্পার স্থাপন করা না হলে কোটি টাকার এ উন্নয়ন প্রকল্প ভেস্তে যেতে পারে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের গোদারপাড়া মসজিদ হতে চান্দেরপাড়া রাবারড্যাম পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ এবং খুরুস্কুল ইউনিয়নের কুলিয়াপাড়া রাস্তার মাথা হতে বাংলাবাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ দুটির নির্মাণ কাজ গত জানুয়ারি মাসে শুরু হয়েছে। কক্সবাজার পাউবো’র পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইনউদ্দিন জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আওতাধীন জলবায়ু তহবিলের টাকায় স্বল্পব্যয়ে বাঁধ দু’টি নির্মাণ করা হচ্ছে। বাঁধ দু’টির নির্মাণ কাজ শেষ হলে কক্সবাজার শহর, ঝিলংজা, পিএমখালী ও খুরুস্কুল ইউনিয়নের লক্ষাধিক মানুষ বর্ষাকালে পাহাড়ী ঢল ও সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবে। বাঁধ দু’টির ঠিকাদার যথাক্রমে মীর কাশেম সিকদার ও হেলালুল ইসলাম এবং এমডি আনিস জানান, ৮ ফুট উঁচু ও ১৪ ফুট প্রশস্ত এ বাঁধের কাজ গত জানুয়ারি মাসে শুরু হয়েছে এবং ইতোমধ্যে আশিভাগ কাজ শেষ হয়ে গেছে। এবিষয়ে কক্সবাজার পাউবো’র পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইনউদ্দিন জানান, ব্লক স্থাপনের জন্য অনেক অর্থের দরকার। তবে স্পার স্থাপনের বিষয়টি পাউবোর বিবেচনায় রয়েছে।