ছাতকে দুম্বার মাংস লুট জনপ্রতিনিধিদের ক্ষোভ

ছাতকে দুম্বার মাংস লুট হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত বুধবার সকালে উপজেলা অডিটোরিয়াম খুলে এখানে রক্ষিত দুম্বার মাংস উপজেলা অফিস সহকারী হারুনের সহযোগিতায় কতিপয় চিহ্নিত ব্যক্তি ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সকালে ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, গরিব দুস্থরা মাংস নিতে এসে শূন্য হাতে ফিরে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি সরকার হতে প্রাপ্ত উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ২শ’ কার্টন ভর্তি দুম্বার মাংস ইসলামী ব্যাংকের মাধ্যমে মঙ্গলবার মধ্যরাতে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। রাতেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে পুলিশের উপস্থিতিতে ছাতক সদর ও ইসলামপুর ইউনিয়নে ১৬ কার্টন মাংস বিতরণ করে বাকিগুলো উপজেলা মিলনায়তনে তালাবদ্ধ করে রাখা হয়। বুধবার সকালে উপজেলা অফিস সহকারী হারুনুর রশিদ কোন অনুমতি ছাড়াই মিলনায়তন খুলে দিলে তার নির্ধারিত লোকজন এসে মাংসগুলো নিয়ে যায়। চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া জানান, ইউনিয়নবাসী দুস্থ-গরিবদের এসব মাংস কৌশলে লুটপাট করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না জানান, সকালে অটিটোরিয়াম পরিষ্কার করতে গেলে স্থানীয় লোকজন জোরপূর্বক ঢুকে মাংসগুলো ছিনিয়ে নিয়ে যায়।