সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২১:২২
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব নয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বুধবার প্রকাশিত বিশ্বের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এই তথ্য পাওয়া গেছে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের আধিপত্যকে খর্ব করে রিয়াল এবারের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
এক বিবৃতিতে ফোর্বস জানিয়েছে, প্রথমবারের মতো রিয়াল এই তালিকার শীর্ষস্থানটি দখল করেছে। ২০০৪ সালের পরে এবারই প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রাজত্ব হারালো। তালিকার তৃতীয় স্থানে আছে রিয়ালের স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। শীর্ষ দশে তাদের পরের স্থানে আছে যথাক্রমে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, চেলসি, জুভেন্টাস, ম্যানসিটি ও লিভারপুল। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী রিয়ালের বর্তমান বাজারমূল্য প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৭৬ ভাগ বেশি। এই স্বীকৃতিতে রিয়ালের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করলো। আর ইংলিশদের হটিয়ে স্প্যানিশ কোন ক্লাব এই তালিকার শীর্ষে উঠার অর্থ হলো ইউরোপিয়ান ফুটবলের জন্যও এটা একটি ভিন্ন ধারার ইঙ্গিত। - বাসস