বাণিজ্য ও বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছে সুইস প্রতিনিধি দল

বাণিজ্য ও বিনিয়োগের প্রস্তাব নিয়ে আগামী রবিবার সুইজারল্যান্ডের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল দুইদিনের সফরে ঢাকায় আসছে। এ প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন সুইজারল্যান্ডের স্টেট সেক্রেটারিয়েট ফর ইকনোমিক অ্যাফেয়ার্সের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান রাষ্ট্রদূত এরিক মার্টিন। বৃহস্পতিবার সুইজারল্যান্ড দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানায়, ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে কোন সুইস প্রতিনিধি দলের এটিই প্রথম সফর। এছাড়া প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিনিয়োগ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করবে। সফরকালে সুইস ব্যবসায়ীরা কোন কোন খাতে বিনিয়োগ করতে পারেন তা জানতে চাইবে। পাশাপাশি বাণিজ্য বাড়ানোর বাধাগুলো কি সেগুলো চিহ্নিত করার বিষয়ে প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা করবেন। সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বাণিজ্য বাড়ছে। দুই দেশের মধ্যে গত বছর ৬০৬ মিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এছাড়া দেশটি বাংলাদেশে শিল্প ব্যবহূত পণ্য ও ওষুধ রফতানি করেছে।