ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা নিরসনের দাবি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:০৫
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দুইদিনব্যাপী প্রতিনিধি সম্মেলন আজ শনিবার শেষ হচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান, বীর বিক্রম। আইডিইবি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্যে কমিটির সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান দেশের ইঞ্জিনিয়ারদের সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রথা প্রবর্তনসহ ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ ভাগ করে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যথাক্রমে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডের দায়িত্ব প্রদানের দাবি জানান। তিনি বলেন, দেশের প্রশাসনিক ব্যবস্থাপনায় দক্ষতা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রশাসনিক পদে কারিগরি পেশাজীবীদের নিয়োগ বন্ধ করে জেনারেলিস্টদের নিয়োগ দিতে হবে।