বাজেটে পানি ও পয়ঃনিষ্কাশন খাতে ন্যায্য বরাদ্দ প্রয়োজন

বাজেটে পানি ও পয়ঃনিষ্কাশন খাতে নামমাত্র বরাদ্দ না রেখে বাস্তবায়ন উপযোগী ন্যায্য বরাদ্দের প্রয়োজনীয়তার কথা বলেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত। সেই সাথে বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইউনিয়ন পর্যায় থেকে বাস্তবায়নকারী সংস্থার সক্ষমতা বাড়ানো ও প্রতিটি কর্ম পরিকল্পনা সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পানি ও স্যানিটেশন খাতে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বিষয়ক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ওয়াটার এইড, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার (এইচডিআরসি) এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। আবুল বারকাত আগামী বাজেটের জন্য পানি, পয়:নিষ্কাশন ও স্বাস্থ্য খাতের জন্য একটি প্রস্তাবনাও তুলে ধরেন। এ খাতের জন্য বাজেটে পাহাড়ি অঞ্চলের জন্য ৫ গুণ বেশি বরাদ্দ রাখা, উপকূলীয় অঞ্চলের জন্য ৫ গুণ, চর ও হাওড় অঞ্চলের জন্য ৯ গুণ, শহরাঞ্চলের জন্য দেড় গুণ ও গ্রামাঞ্চলের ৩ গুণ বেশি বাজেট বরাদ্দের প্রস্তাব করেন। ফলে পল্লী এলাকা ও শহরাঞ্চলের পানি ও পয়:নিষ্কাশন সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য হ্রাস করবে বলে মনে করেন তিনি। এ জন্য তিন হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ওয়াটার এইড এর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম, পরিচালক পার্থ হেফাজ শেখ, এইচডিআরসি’র পরামর্শক মোহম্মাদ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।