ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি, লোকসানের মুখে কৃষক

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে তরমুজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে জেলায় ১০ হেক্টর জমির তরমুজসহ আম, লিচুর ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ, নারগুন, রায়পুর, জামালপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি পড়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এতে লোকসানের মুখে পড়ার হতাশায় সময় পার করছে কৃষক। সদর উপজেলা পাইকপাড়া এলাকার কৃষক আব্দুল গনি জানান, কয়েকবার ফসলের দাম না পাওয়ায় এবার তরমুজ চাষ করেছিলাম। কিন্তু শিলাবৃষ্টিতে আমার ১০ একর জমির তরমুজ নষ্ট হয়েছে। এতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমচাষী আমিনুল ইসলাম বলেন, শিলাবৃষ্টির আঘাতে ২ একর আম বাগানের সকল আম নষ্ট হয়েছে। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে। অপর চাষী তৈইবুর রহমান জানান, লাভের আশায় তরমুজ চাষ করেছিলাম। কিন্তু শিলাবৃষ্টির আঘাতে আমার ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবারের শিলাবৃষ্টিতে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ কত তা ধারণা করা যাচ্ছে না।