আজ পাঁচবিবি গণহত্যা দিবস
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২০
আজ শনিবার জয়পুরহাট জেলার পাঁচবিবি গণহত্যা ও হানাদার দিবস। হানাদার বাহিনী পাঁচবিবি দখলে নেয়ার পর নির্বিচারে গণহত্যা ও অগ্নিসংযোগ করে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়। এই দিন সকালে সংগ্রাম কমিটির সামছুল হুদা সরদার ও ইপিআর বাহিনীর সদস্য মকবুল হোসেন হাওলাদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধার একটি দল তত্কালীন জয়পুরহাটের মুসলিমলীগ নেতা মহকুমা শান্তি কমিটির সভাপতি আব্দুল আলীমের বাড়িতে অপারেশন করতে যায়। আগাম খবর পেয়ে আব্দুল আলীম বাড়ি ছেড়ে বম্বুতে পালিয়ে যায়। পাঁচবিবি ছিল সম্পূর্ণ অরক্ষিত। ১৯৭১ সালে এই দিন দুপুরে বর্বর পাকিস্তান হানাদার বাহিনী স্থানীয় দোসরদের সহযোগিতায় ঘোড়াঘাট থেকে তাদের খোলা জীপে বাংলাদেশের পতাকা উড়িয়ে জয় বাংলার শ্লোগান দিতে দিতে পাঁচবিবিতে আসে। পথে ফিচকা ঘাটের তুলসী গঙ্গা নদীর তীরে তাদের জীপ পৌঁছালে জয়বাংলার শ্লোগান শুনে জয়বাংলার শ্লোগান দিয়ে জীপের দিকে এগিয়ে গেলে হানাদারেরা গুলি করে খেজুর পাড়া গ্রামের আদিবাসী যুবক ভজেন বর্মন, সাড়ার পাড়া গ্রামের অফির উদ্দিন ও শুকটাকে হত্যা করে। এই তিনজন জয়পুরহাট জেলার হানাদার বাহিনীর হাতে প্রথম শহীদ।