কুলাউড়ায় হাসপাতালে ঢুকে ফিল্মী কায়দায় রোগীর উপর হামলা, আহত ৩

শুক্রবার দুপুরে কুলাউড়া উপজেলা সদর হাসপাতালের ইনডোরে ঢুকে একদল সন্ত্রাসী আকস্মিকভাবে হামলা চালায়। ইনডোরে কর্তব্যরত সিস্টার, চিকিত্সাধীন রোগী ও অন্য কর্মচারীদের কাছ থেকে জানা যায় ৮-৯ জনের সন্ত্রাসী দলটি মোটর সাইকেল নিয়ে হাসপাতালে আসে এবং বিনা অনুমতিতে ইনডোরে প্রবেশ করে ২২ নং বেডে চিকিত্সাধীন নাজনীন আক্তারকে (৩৫) টেনে-হিঁচড়ে ওয়ার্ডের বাইরে নিয়ে যায়। ঐসময় তার স্বামী ইছহাক মিয়া স্ত্রীকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। হাসপাতালের চিকিত্সক আহত স্বামী-স্ত্রীকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। হাসপাতালের ২১ নং বেডে ভিন্ন একটি ঘটনায় মারাত্মকভাবে আহত হাবিবা বেগমের (৫) মা হাছনা বেগম জানান, হামলাকারীরা নাজনীন আক্তারের সন্তান ভেবে তার মেয়ের উপর হামলা চালায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উপজেলার রাউতগাও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. রুমান আহমদ জানান, এই ইউনিয়নের ভাটুত্গ্রাম গ্রামের দুই ভাই ইছহাক আলী (৪৫) ও ইউনুছ আলীর (৫০) মধ্যে দীর্ঘদিন যাবত্ জমিজমা্ নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন সকালে তাদের মধ্যে মারামারি হলে আহত নাজনীন আক্তার হাসপাতালে ভর্তি হন।