উপজেলা চেয়ারম্যানের হাতে শিক্ষক লাঞ্ছিত
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২৩
ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরীর হাতে লাঞ্ছিত হয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রধান শিক্ষক শামীম আরা বেগম সদর থানায় খবর দেন। পরে পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সভাপতি সুলতানুল ফেরদৌস প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক জুলফিকার আলীর ছুটির দরখাস্ত দেখতে চান। দরখাস্ত দেখাতে দেরি হওয়ায় সভাপতি ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। একপর্যায়ে দু’জনের মাঝে হাতাহাতি শুরু হয়। পরে অন্য শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সভাপতিকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।