যুব দলের ম্যাচ ড্র

বৃষ্টি বিঘ্নিত যুব দলের চারদিনের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল তাদের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হলে বাংলাদেশ দুর্দান্ত খেলে ম্যাচের চতুর্থ ও শেষ দিন ৮৬ রানে এগিয়ে থেকে ৭ উইকেটে ২৭১ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। দলের পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ৭৪, নাজমুল হোসেন ৬৯, মেহেদী হাসান ৫৯ এবং ইয়াসির আলী চৌধুরী ২৮ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে রমেশ মেন্ডিস ৭৬ রান দিয়ে চার উইকেট নেন । গতকাল শুক্রবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ ওভারে বিনা উইকেটে ৫৯ রান করলে দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ আগামীকাল রবিবার সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চারদিনের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মোসাদ্দেক হোসেনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ ও বিশেষ অতিথি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।