ই ং লি শ প্রি মি য়া র লি গ

এ সপ্তাহেই ইউনাইটেডের শিরোপা!

পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে আছে তারা। ফলে শিরোপার সুবাস অন্তত এখনই পেতে শুরু করার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু গত সপ্তাহের বুধবারে স্বাগতিক ওয়েস্টহ্যামের সাথে ২-২ গোলে ড্র করে। ফলে শিরোপা উত্সব এখনও শুরু করতে পারছে না ইউনাইটেড। তবে ইউনাইটেডের ডিফেন্ডার ফিল জোন্স জোনস আশা করছেন, সামনের দুই ম্যাচের মধ্যেই নিজেদের ২০তম লিগ শিরোপা নিশ্চিত করে ফেলতে পারবে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। আর এই শিরোপা নিশ্চিত করার লক্ষ্যেই সোমবার ইউনাইটেড মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। এই ম্যাচেই অবশ্য নিশ্চিত হয়ে যেতে পারে তাদের লিগ শিরোপা। সে ক্ষেত্রে আরও কিছু ঘটনা ঘটতে হবে। সেক্ষেত্রে বর্তমান চ্যাম্পিয়ন এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটিকে আগামীকাল রবিবার টটেনহ্যামের সাথে হারতে হবে। সব কিছু এমনভাবে না হলে ইউনাইটেডকে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের সাথে সাথে চোখ রাখতে হবে পরবর্তী সপ্তাহে (রবিবার) আর্সেনালের ম্যাচে। যে ম্যাচটিতে জয় পেলেই শিরোপা উঁচিয়ে ধরতে পারবে ফার্গুসন বাহিনী। জোনস অবশ্য খুবই আশাবাদী, ‘পুরো মৌসুমে আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং এখন কোন কিছু পরিবর্তন হওয়ার নয়। সোমবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে আমাদের বড় ম্যাচ এবং আমি নিশ্চিত যদি আমরা তিন পয়েন্ট তুলে নিতে পারি তা হবে আর্সেনালের সামনে দাঁড়ানোর শক্তিশালী প্রেরণা।’ হোয়াইটহার্ট লেনে আগামীকাল স্বাগতিক টটেনহ্যামের মুখোমুখি হবে সিটি। সিটির জন্য দুঃসংবাদ ইনজুরিতে থাকা আর্জেন্টাইন সার্জিও অ্যাগুয়েরো হয়তো আজ খেলতে পারবেন না। পঞ্চমস্থানে থাকা টটেনহ্যাম মরিয়া হয়ে রয়েছে জয়ের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে যে আর্সেনাল ও চেলসিকে টপকাতে হবে তাদের। চেলসি ও আর্সেনাল তৃতীয় ও চতুর্থস্থানে অবস্থান করছে পয়েন্ট টেবিলে। আর্সেনাল দুই পয়েন্টে এগিয়ে টটেনহ্যাম থেকে। অপর দিকে চেলসি রয়েছে তিন পয়েন্টে এগিয়ে। চেলসি আগামী রবিবার লিভারপুলে যাবে। লিভারপুলের দায়িত্ব ছেড়েছিলেন রাফায়েল বেনিতেজ ২০১০ সালে। এই প্রথম অ্যানফিল্ডে আসছেন তিনি। তবে বেনিতেজের পরিবার রয়েছে এখানেই। বেনিতেজ বলেন, ‘লিভারপুলে আমার পরিবার থাকে। আমি এখানে ছয় বছর ছিলাম এবং অনেক সুখস্মৃতি রয়েছে। শীর্ষ তিনে থাকাটা গুরুত্বপূর্ণ তাই লিভারপুলে আমি জয় চাই। তাদের প্রতি আমার শুভ কামনা রইল। পেশাদারিত্বের নিরিখে বলা যায় আমি নিশ্চিত তারা জয়ের জন্য চেষ্টা করবে এবং আমরাও সেটাই করব।’ এদিকে আজ শনিবার ফুলহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। শীর্ষ তিনে ওঠার লড়াই আর্সেন ওয়েঙ্গারের দলের। ৬০ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। ইউনাইটেড ৩৩ খেলা শেষে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে সিটি। সমান ম্যাচে (৩২ ম্যাচ) ৬১ পয়েন্ট নিয়ে বেনিতেজের দল রয়েছে তৃতীয়স্থানে। আজকের খেলা ফুলহ্যাম-আর্সেনাল নরউইচ সিটি-রিডিং কুইন্স পার্ক রেঞ্জার্স-স্টোক সিটি সান্ডারল্যান্ড-এভারটন সোয়ানসি সিটি-সাউদাম্পটন ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন-নিউ ক্যাসল ইউনাইটেড ওয়েস্টহ্যাম ইউনাইটেড-উইগান অ্যাথলেটিক রবিবার টটেনহ্যাম-ম্যানচেস্টার সিটি লিভারপুল-চেলসি সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলা