মোহিতে ধরাশায়ী দিল্লি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:৪৬
মোহিত শর্মার দুর্দান্ত বোলিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা ষষ্ঠ পরাজয় মেনে নিতে হলো দিল্লি ডেয়ারডেভিলকে। গত বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে তারা হেরেছে ৮৬ রানে। টুর্নামেন্টের আজকের দুটি ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-রাজস্থান রয়্যালস।
১৭০ রানের তাড়ায় নামা স্বাগতিকদের প্রথম ধাক্কাটা দেন মোহিতই। ব্যক্তিগত এক রানে দিল্লির এই ইনফর্ম ওপেনারের উইকেট উপড়ে দেন তিনি। এই ওভারের শেষ বলে নতুন ব্যাটসম্যান মানপ্রিত জুনেজাকেও ফেরান তিনি। এরপরে নিজের তৃতীয় ওভারে টানা তিনটি বলে বিরেন্দর শেবাগকে পরাস্ত করার পরে চতুর্থ বলে মাইক হাসির ক্যাচে পরিণত করেন তাকে। ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী এই সিমার শেবাগের উইকেটটি সম্পর্কে বলেন, ‘আমি তার বিরুদ্ধে আগেও দুটি ম্যাচ খেলেছি এবং সে আমার বলে অনেক রান করেছে। সে যেহেতু অনেকটা জোর করেই পুল শট খেলে তাই আমাদের পরিকল্পনা ছিল তাকে খাটো লেংথের বল করার এবং সেটা কাজেও লেগেছে।’ টপ অর্ডারদের পরে লোয়ার অর্ডার ব্যাটম্যানরাও ভালো কিছু করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ৮৩ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা চেন্নাইকে দারুণ একটা সূচনা এনে দেন মাইক হাসি এবং মুরালি বিজয়। ইনিংসের শেষ দিকে মহেন্দ্র ধোনির ঝড়ো ৪৪ এ শেষ পর্যন্ত ১৬৯ রানের বড় সংগ্রহই গড়ে সফরকারিরা। ম্যাচ সেরা হাসি আদ্যোপান্ত ব্যাট করে অপরাজিত থাকেন ৬৫ রানে। দিনের প্রথম ম্যাচে আজ কলকাতা আতিথেয়তা দেবে দারুণ ফর্মে থাকা চেন্নাইকে। আর দিনের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে বেঙ্গালুরু খেলবে এই মুহূর্তে শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।