মাইকেল ডেলের পথ থেকে সরে দাঁড়াল ব্ল্যাকস্টোন

নিজের হাতে গড়া প্রতিষ্ঠান ‘ডেল’কে কিনে নিতে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন মাইকেল ডেল। ব্যক্তি মালিকানায় যাওয়ার প্রক্রিয়া তাতে একরকম চূড়ান্তই হয়ে গিয়েছিল। তবে মাইকেল ডেলের পরিকল্পনায় বাঁধা হয়ে দাঁড়ায় ব্ল্যাকস্টোন। ডেল’র শেয়ারধারী এই প্রতিষ্ঠানটি দাবী করে মাইকেল ডেলের প্রস্তাবনার চাইতে বেশি মূল্যে বিক্রি করা সম্ভব ডেল এবং তারাও এটি কিনে নেওয়ার জন্য নিলামের আহ্বান জানায়। তবে শেষ পর্যন্ত নিজেদের ডেল কিনে নেওয়ার প্রকল্প থেকে সরিয়ে নিয়েছে ব্ল্যাকস্টোন। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ পিসি বিক্রির পরিমাণ রেকর্ড পরিমাণে কমে যাওয়া তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে প্রভাবিত করেছে বলে জানিয়েছে তারা। পাশাপাশি গত কয়েক বছরে ডেল যে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে, তা কাটিয়ে ওঠা আদৌ সম্ভব কি না সে বিষয়েও সন্দেহ রয়েছে তাদের। আর তার ফলেই তারা ডেল কিনে নেওয়ার দৌড় থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তবে তাই বলে মাইকেল ডেলের এখনও নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ এখনও এই দৌড়ে রয়েছে বিখ্যাত বিনিয়োগকারী কার্ল আইকান। ডেলকে কিনে নিতে হলে মাইকেল ডেলকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আইকানের সাথে। মাইকেল ডেল ইতোমধ্যেই ডেল কিনে নিতে ২৪.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিলেও আইকানের কাছ থেকে কোনো আর্থিক পরিমাণ জানা যায়নি এখনও। তবে মাইকেল ডেলের ২৪.৪ বিলিয়ন ডলারকে ডেল’র অনেক শেয়ারধারীই পর্যাপ্ত মনে করছে না। ফলে ডেল বিক্রি হলে শেষ পর্যন্ত এর চাইতে বেশি অর্থেই বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ব্ল্যাকস্টোনের নিজেদের হঠাত্ করে প্রত্যাহার করার বিষয়টি বেশ আলোচিত হয়ে উঠেছে প্রযুক্তি বিশ্বে। কেননা শুরু থেকেই তারা ডেল কিনে নিতে বেশ সক্রিয় ভাব প্রদর্শন করেছে। তবে কয়েকদিন আগে গার্টনার এবং আইডিসি’র দুইটি প্রতিবেদনে পিসি বিক্রিতে রেকর্ড হ্রাস পাওয়ার বিষয়টি প্রকাশিত হয়। নিকট ভবিষ্যতে পিসি বিক্রির এই চিত্র বদলাবে না বলেই ব্ল্যাকস্টোনের আগ্রহ কমে গেছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই।