চীনে ইমেইল সার্ভিস বন্ধ করে দিচ্ছে ইয়াহু
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ১৮:৪৩
চলতি বছরের ১৯ আগস্টের পর থেকে চীনে আর কোনো ধরনের ইমেইল সেবা প্রদান করবে না ইমেইলে জনপ্রিয় সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো চীনেও ইয়াহু মেইল ব্যবহারকারীর সংখ্যা কম নয়। এসব ব্যবহারকারীর যেসব ইয়াহু মেইলে তথ্য সংরক্ষিত রয়েছে তা উদ্ধারে চীনের স্থানীয় ইমেইল সার্ভিস ‘আলিবাবা’তে নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে তারা। সম্প্রতি এক ঘোষণায় এ কথা জানিয়েছে ইয়াহু। তারা জানিয়েছে, ইতোমধ্যেই ইমেইল সার্ভিসের মাইগ্রেশন প্রক্রিয়া শুরু করেছে ইয়াহু। আর আগস্টের ১৯ তারিখের পর তারা চীনে আর কোনো ধরনের সেবা প্রদান করবে না। উল্লেখ্য, চীনে ইয়াহু’র কার্যক্রম পরিচালিত হয় মূলত আলিবাবা’র দ্বারাই। তবে আলিবাবা স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্তের কারণেই ইয়াহু’র সাথে সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছিন্ন করছে তারা। এরই ধারাবাহিকতায় চীনে ইয়াহু মেইলের পরিবর্তে আলিবাবা’র নিজস্ব ইমেইল চালু রাখবে তারা।