গণজাগরণ মঞ্চের প্রচার সংযোগ শুরু
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২১:৪৫
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ ছয় দফা দাবিতে পক্ষকালব্যাপী প্রচার সংযোগ শুরু করেছে গণজাগরণ মঞ্চ। আগামী ৪ মে দেশব্যাপী এ প্রচার সংযোগ শেষ হবে। দাবির পক্ষে জনমত গঠন ও সাড়া বাড়ানোর লক্ষ্যে এ প্রচার সংযোগ দেশের সকল স্তরে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে মঞ্চ। নির্ধারিত সময়সীমার মধ্যেই দেশের সর্বস্তরের মানুষের কাছে কর্মসূচি পৌঁছে দেয়া যাবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রচার সংযোগ শুরু হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের নেতারা গতকাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, টিএসসিতে শিক্ষক-শিক্ষার্থী-ছাত্রনেতাদের মধ্যে প্রচারণা চালান। এরপর তারা সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ বিপণী বিতান এবং আজিজ সুপার মার্কেটে প্রচারণা চালান। সন্ধ্যার পর মঞ্চের নেতারা আবারো টিএসসি এবং চারুকলা অনুষদ এলাকায় প্রচারণা চালান। আজ রবিবার তারা রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন।