সেনানিবাসে মেজরের বাসায় চুরি

ঢাকা সেনানিবাসের ভেতরে মেজর পদপর্যাদার এক কর্মকর্তার বাসা থেকে ৬৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি হীরকখণ্ড চুরি হয়েছে। স্টাফ রোডের ঐ বাসাতে থাকেন মেজর খোসরোজ সামাদ। গত শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তরা ঐ বাসা থেকে চুরি করে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার এসআই মুন্সি শহিদ জানান, স্টাফ রোডের ১৯৭/৫ নম্বর পাঁচতলা ভবনের চতুর্থতলায় বাস করেন মেজর খোসরোজ সামাদ। গত ১৬ এপ্রিল একটি কাজে তিনি সপরিবারে চট্টগ্রাম যান। ১৯ এপ্রিল সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন এসব মালামাল নেই। তিনি মামলার এজহারের বরাদ দিয়ে জানান, মামলায় চুরির ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, মেজর খোসরোজ সামাদ বাসায় নেই জেনেই দুষ্কৃতকারীরা চুরি করেছে। দুষ্কৃতকারীরা ঐ বাসা থেকে ৬৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি হীরকখণ্ড এবং ৪৮ হাজার টাকা চুরি করেছে।