সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন বৃদ্ধির দাবি
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২১:৪৮
জাতীয় বেতন কমিশন গঠন করে নতুন স্কেল প্রদান এবং অন্তর্বর্তীকালীনের জন্য সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারি সমিতি।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে নেতৃবৃন্দ তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বিদ্যমান ৬টি বেতন স্কেলের পরিবর্তে ১৯৭৩ সনে প্রদত্ত বেতন স্কেল অনুসারে ৩টি বেতন স্কেল নির্ধারণের দাবি জানিয়েছেন।
লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মো: মাহফুজুর রহমান বলেন, ২০০৯-এর জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে মাত্র ১৫-২৫ ভাগ বেতন বৃদ্ধি পেয়েছিল। যা তত্কালীন বাজারদর ও জীবন যাপনের ন্যূনতম প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। ইতিমধ্যে গ্যাস, বিদ্যুত্, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের কর্মচারীরা অতি কষ্টে জীবন-যাপন করছে। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি রশিদ উল্লাহ, মহাসচিব লুত্ফর রহমান প্রমুখ।