কালবৈশাখী ঝড়ে ছয় জন নিহত বাড়ি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে ৬ জন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের। রাজবাড়ী শুক্রবার রাতে রাজবাড়ী জেলা সদর, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলা এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কমপক্ষে পাঁচ শতাধিক কাঁচা ঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েক সহস াধিক গাছপালা ভেঙ্গে গেছে। ঝড় চলাকালীন সময়ে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। নিহতরা হলো: জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগন গ্রামের মৃত লটাই সরদারের ছেলে ইসমাইল সরদার ওরফে ইলাত আলী (৫৫) ও একই ইউনিয়নের বরুরিয়া গ্রামের মৃত গারিসউল্লার ছেলে আজগর আলী (৬০)। নাগরপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামে শুক্রবায় রাতে কালবৈশাখীর ছোবলে উপজেলার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া বহু গাছপালাসহ ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈশাখীর শুরুতে উপজেলার মামুদনগর, সহবতপুর, ভারড়া, গয়হাটা, নাগরপুর সদর, মোকনা, ধুবড়ীয়া, ভাদ্রাসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামের উপর দিয়ে বয়ে গেছে বাংলা নতুন বছরের প্রথম কালবৈশাখী ঝড়। জীবননগর (চুয়াডাঙ্গা) শুক্রবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ওপর দিয়ে বজ্র বৃষ্টিপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বৈশাখী ঝড়ের দমকা হাওয়ায় উপজেলার কাটাপোল গ্রামে নতুন মসজিদের চালা ভেঙে এক মুসল্লী নিহত ও ১২ জন মুসল্লী আহত হয়েছেন। নিহত মুসল্লীর নাম নূর ইসলাম (৫৫)। দৌলতপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুতের খুঁটিসহ ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর, বোয়ালিয়া, আদাবাড়িয়া, প্রাগপুর, মথুরাপুর, রিফায়েতপুর ও হোগলবাড়িয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে প্রায় ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে গেছে ও টিনের চাল উড়ে গেছে। লণ্ডভণ্ড হয়ে গেছে রিফায়েতপুর কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা কলেজসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান। পাংশা (রাজবাড়ী) শুক্রবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে রাজবাড়ীর পাংশায় গাছপালা, বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েক শতাধিক স্থাপনা লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মহেশপুর (ঝিনাইদহ) শুক্রবার রাতে মহেশপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এলাকার সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ফতেপুর, নিমতলা, কানাইডাঙ্গা, রাখালভোগা, কৃষ্ণচন্দ্রপুর, খালিশপুর, পুরন্দরপুর, মহেশপুর, ভালাইপুর, বেলেঘাট ও যাদবপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।