তালায় স্কুল ছাত্রকে মারপিটের ঘটনা ৪০ হাজার টাকায় রফা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৫
সাতক্ষীরা তালায় তৃতীয় শ্রেণির ছাত্র তৌহিদ সরদারকে মারপিটের ঘটনায় ৪০ হাজার টাকা জরিমানা করে ঘটনার সুরাহ হয়েছে। শুক্রবার স্কুল ম্যানেজিং কমিটি উক্ত বিদ্যালয়ে জরুরি সভা করে। সভায় স্কুল ছাত্রকে মারপিটের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভারসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাফেল উদ্দীনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতা রাণী জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাত সরদারের সভাপতিত্বে সভায় ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভারসা সরকারি প্রাথমিক বিদ্যায়য়ের তৃতীয় শ্রেণির ছাত্র নাজিমুদ্দিন সরদারের পুত্র তৌহিদ সরদার (৭) কে তুচ্ছ ঘটনায় স্কুল চলাকালে শ্রেণিকক্ষে প্রবেশ করে স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাফেল উদ্দীন বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।