পীরগাছায় নয় বছর বেতন পাচ্ছেন না এক গ্রাম পুলিশ
পীরগাছা (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৬
রংপুরের পীরগাছায় কোন কারণ ছাড়াই এক গ্রাম পুলিশের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। দীর্ঘ ৯ বছর ধরে বেতন-ভাতা না পেয়ে ওই গ্রাম পুলিশ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
জানা যায়, উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান কোন কারণ ছাড়াই ২০০৩ সালের জানুয়ারি মাস থেকে ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আফছার আলীর বেতন-ভাতা বন্ধ করে দেন। এ প্রেক্ষিতে আফসার আলী ২০১২ সালের ২২ অক্টোবর চাকরি পুনর্বহালসহ বেতন-ভাতা পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ না পাওয়ায় তাকে চাকরিতে পুনর্বহালসহ বকেয়া বেতন-ভাতা দেয়ার জন্য জেলা প্রশাসকের নিকট সুপারিশ করেন। উক্ত সুপারিশের প্রেক্ষিতে জেলা প্রশাসক রংপুরের পক্ষে স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার খাতুনে জান্নাত আফছার আলীকে চাকরিতে পুনর্বহালসহ বকেয়া বেতন-ভাতা দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।
সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান বলেন, গ্রাম পুলিশ আফসার আলী কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বেতন-ভাতা বন্ধ করে দেয়া হয়। কিন্তু তার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত কিংবা অন্যকোন ব্যবস্থা নেয়া হয়নি। এব্যাপারে বর্তমান চেয়ারম্যান জসিদুল হক বলেন, সরকারি নিয়ম মেনে চাকরিতে পুনর্বহাল করা গেলে তা করা হবে।