রায়গঞ্জে ফুলজোড় নদীর পানি দূষণের আশঙ্কা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৭
পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফুলজোড় নদীর উজানে বগুড়ার ছোনকা এলাকায় মজুমদার প্রডাক্টস লিমিটেড অবৈধভাবে উত্পাদন শুরু করেছে। ফলে ঐ কারখানার বর্জ্যে ভাটি অঞ্চল রায়গঞ্জের ফুলজোড় নদীর পানি দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। নদী দূষণমুক্ত রাখতে এলাকাবাসীর আবেদন ও এ বিষয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সরেজমিন তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পর্যবেক্ষণ করেন তদন্ত টিম। তদন্ত টিমে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রায়গঞ্জ-তাড়াশ এলাকার সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, উপ-সহকারী প্রকৌশলী আশরাফ আলী, পরিবেশবাদী আব্দুর রাজ্জাক নাসিম ও স্থানীয় সাংবাদিকরা। তদন্ত টিম দেখতে পান কারখানাটির পরিবেশগত কোন ছাড়পত্র নেই। ইটিপির নির্মাণ কাজ অসম্পূর্ণ। তারা কারখানা থেকে নির্গত তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) চালু না করে প্রায় ৩ মাস ধরে উত্পাদন চালিয়ে যাচ্ছে। অপরদিকে ফুলজোড় নদীতে অশোধিত বিষাক্ত বর্জ্য ফেলার জন্য ঢাকা-বগুড়া মহাসড়ক ও ছোনকা-সুঘাট আঞ্চলিক সড়কের নিচ দিয়ে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ করা হয়েছে। কারখানা অভ্যন্তরে জমিয়ে রাখা বিপুল পরিমাণ বিষাক্ত বর্জ্য যেকোন মুহূর্তে তারা ঐ পাইপ লাইন দিয়ে নদীতে ছেড়ে দিতে পারে আশংকায় আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী।