এখনো শিরোপা স্বপ্নে মানচিনি!

গতবার তার অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। তবে, এবার শিরোপার সম্ভাবনা প্রায় অসম্ভব সিটি দলের জন্য। এই অবস্থা থেকেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মানচিনি। এমনটাই জানালেন দলের সহকারী কোচ ব্রায়ান কিড। প্রিমিয়ার লিগের পয়েন্টে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিটি আজ রবিবার হোয়াইট হার্ট লেনে মুখোমুখি হবে টটেনহ্যামের। বর্তমান চ্যাম্পিয়নরা জানে টটেনহ্যামের কাছে হার মানেই শিরোপা হাতছাড়া হওয়ার দোরগোড়ায় চলে যাবে তারা। কারণ পরের দিন সোমবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলাকে হারাতে পারলেই বাজিমাত হয়ে যাবে। ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে ফেলবে রেড ডেভিলরা। মানচিনি সম্প্রতি জানান, শিরোপা আশা শেষ তাদের। তবে কিড দাবি করছেন ইতালিয়ান ম্যানেজার মানচিনি গত মৌসুমের পরিস্থিতি থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। হয়তো মনের কোণে এখনো বিশ্বাস রয়েছে ইউনাইটেড থেকে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকেও শিরোপা জয় করা সম্ভব। কিড বলেন, ‘সততার সাথে বলতে হয় তিনি এখানে চার বছরের কিছু সময় কম হবে এখানে আছেন। তার সময়ে অনেক সফলতা জমা হয়েছে এবং কেউ বিশ্বাস করছে না যে, তিনি শিরোপা আশা ছেড়ে দিয়েছেন। গত মৌসুমেও এমনটা হয়েছিল। আমরা আমাদের কাজ করছিলাম একইরকমভাবে। কঠোর পরিশ্রম করছিলাম। প্রতিদিন তিনি মাঠে ছিলেন। আমি সেইভাবেই বলতে চাই বড় খেলোয়াড়দের সাথে তার সম্পর্কটা ভাল। বড় খেলোয়াড়দের তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং কখনোই ভয় পান না বড় সিদ্ধান্ত নিতে। এটা এখানেই শেষ হয়। আমরা চ্যাম্পিয়ন তাই এখনোই শেষ নয়। চ্যাম্পিয়ন হিসেবে আপনি গর্বের সাথে লড়ে যাবেন। যদি আপনি হারের জন্য যান তো হেরে যাবেন। আপনাকে লড়াই থেকে যা ছিটকে ফেলবে।’ সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠছেন। স্পেনের মিডফিল্ডার ডেভিড সিলভাও একই সমস্যায় ভুগছেন। টটেনহ্যামের বিপক্ষে এই দুইজন খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল অবশ্য খেলবেন টটেনহ্যামের হয়ে এটা মোটামুটি নিশ্চিত। টটেনহ্যামের ম্যানেজার আন্দ্রে ভিলাস বোয়াস বলেন, ‘আমি আত্মবিশ্বাসী (বেল খেলতে পারবে)।’ টটেনহ্যামের জয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেতে হলে তো ন্যূনতম প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকতে হবে। টটেনহ্যাম বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। চতুর্থ স্থানে থাকা আর্সেনাল থেকে তারা দুই পয়েন্টে পিছিয়ে। অবশ্য আর্সেনাল থেকে একটি ম্যাচ কম খেলেছে টটেনহ্যাম। এদিকে আজ অ্যানফিল্ডে লিভারপুলের মোকাবেলা করবে তৃতীয় স্থানে থাকা চেলসির। আর্সেনাল থেকে এক পয়েন্টে এগিয়ে রাফায়েল বেনিতেজের দল। যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে গানারদের থেকে। শীর্ষ তিনে থাকার লড়াই বেনিতেজ বাহিনীর। লিভারপুল বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে। পয়েন্ট টেবিলের নিজেদের উন্নয়নের চেষ্টা করবে তারা আজ।