সহ-অধিনায়ক পদ ছাড়লেন ওয়াটসন

অ্যাশেজের মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহ-অধিনায়ক পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিলেন শেন ওয়াটসন। ভারতের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট সিরিজে ১৬.৫০ গড়ে মাত্র ৯৯ রান করার পরে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে দলে নেয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। ২০১০ সালের অক্টোবরের পরে এখনো পর্যন্ত কোন টেস্ট সেঞ্চুরি আসেনি তার ব্যাট থেকে। ২০১১ সালে সহ-অধিনায়ক হওয়ার পরে ২৪.১১ গড়ে তার রান ৬২৭। এ সবকিছু ভেবেই শেষ পর্যন্ত সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন এই তারকা, ‘সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। তবে এটাও সত্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর থেকেই এটা নিয়ে ভাবছি আমি। আমার মনে হয় সরে দাঁড়ানোর ব্যাপারে দল এবং আমার জন্য এটাই উপযুক্ত সময়।’ তবে সিদ্ধান্তটা নেয়া যে মোটেই সহজ ছিল না সেটা বারবার করেই বলছেন ওয়াটসন। দলের সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্যেই শেষ পর্যন্ত এই কঠিন কাজটা করতে হলো তাকে। তিনি বলেন, ‘সত্যি কথাটা হচ্ছে, সিদ্ধান্তটা নেয়ার জন্য আমার নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে।’