ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২১:১৬
রাজধানীতে গতকাল রবিবার ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। সকালে কাওরান বাজারে এফডিসির পাশের ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে স্বপন (৩৫) নামে একজন মারা যান। এর এক ঘন্টা পর মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক নারী মারা যান। ৩০ বছর বয়সী ঐ নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কাওরান বাজার রেলক্রসিং পার হওয়ার সময় স্বপন নামের এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্বপন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) কর্মচারীদের খাবার সরবরাহ করতো। জাহিদুল ইসলাম আরো জানান, সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে মগবাজার রেলক্রসিংয়ে একটি ট্রেন ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক মহিলাকে ধাক্কা দিলে তিনিও ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ঐ মহিলার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, পৃথক ঘটনায় থানায় দু’টি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে বলে তিনি জানান।