চাটমোহরে প্রাণ ডেইরি পরিদর্শনে সুইডেনের প্রতিনিধি দল

পাবনার চাটমোহরে প্রাণ ডেইরি হাব ও গাভীর খামার পরিদর্শনে শনিবার ঢাকাস্থ সুইডেন দূতাবাসের একটি প্রতিনিধি দল চাটমোহরে আসেন। প্রতিনিধি দলটি উপজেলার কাঁটাখালী গ্রামে আমিরুল ইসলাম ও গোলাম মোস্তফার দুটি গাভীর খামার এবং কাঁটাখালী ও হরিপুরে প্রাণ ডেইরি হাব পরিদর্শন করেন। পরে তারা চাটমোহর পৌর এলাকার সাড়োরা (নতুন বাজার) এলাকায় প্রাণের দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র (প্রাণ ডেইরি হাব) পরিদর্শন করেন এবং প্রাণের হলরুমে গাভীর খামারিদের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারা এখানে এসেছেন দেখতে ও শিখতে। প্রতিনিধি দলের সদস্যরা খামারিদের সাথে গাভী পালন, মূলধন, দুধ সংগ্রহসহ নানা বিষয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে ছিলেন, সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী ক্রিসটেইন ল্যাননার, পলিটিক্যাল অফিসার লুডরিস বনটেল, কার্ল ইফরেইনসো, প্রোগ্রাম অফিসার (সিডা) লোসিস হ্যারমেন ও ড্যানিয়েল ক্লামডার। মতবিনিময় সভা পরিচালনা করেন, প্রাণের চীফ ডেইরি ড. রাকিবুর রহমান।