রামগঞ্জে বখাটের হামলায় স্কুল শিক্ষক আহত, আটক ১

রামগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটে যুবক রাব্বি হোসেন জনিকে (২২) ইভটিজিংকালে বাধা ও প্রতিবাদ করায় হামলায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েদ আহত হয়েছেন। জানা যায়, রামগঞ্জ পৌর শহরস্থ রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুল ছুটি ও শুরুর পূর্বে স্কুলের আশপাশ এলাকায় পৌরসভার পূর্ব আঙ্গারপাড়া সেলিমউদ্দিন পাটওয়ারীর বাড়ির হুমায়ন কবির মন্টুর বখাটে ছেলে রাব্বি হোসেন (জনি) ও কয়েকজন বখাটে যুবক দীর্ঘদিন ধরে অধ্যয়নরত স্কুল ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে আসছে। শনিবার বিকেলে বিদ্যালয় থেকে কয়েকজন ছাত্রী বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ সড়কে আসামাত্রই রাব্বি হোসেন জনি জনৈক ছাত্রীকে ইভটিজিং করে । সংবাদ পেয়ে জগত্পুর গ্রামের মোঃ আলী মাস্টারের ছেলে স্কুল শিক্ষক আবু সায়েদ ঘটনাস্থলে এসে প্রতিবাদ করায় বখাটে রাব্বি হোসেন জনি শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করে । স্থানীয়রা আহত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী হামলাকারী বখাটে রাব্বি হোসেন জনিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে । এ ব্যাপারে স্কুল শিক্ষক আবু সায়েদ শনিবার রাতে রামগঞ্জ থানায় মামলা করেন ।