রেসিপি
দাওয়াতে দেশি স্টাইল
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২০:১৯
হোল তেলাপিয়ারেক
উপকরণ :তেলাপিয়া মাছ ১ কেজি, ফিশ সস ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ৩ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পনির গুঁড়া ৩ টেবিল চামচ।
প্রণালি :মাছের আঁশ ছাড়িয়ে পেটের অংশটুকু পরিষ্কার করে নিন। এবার পনির ও টমেটো বাদে বাকি সব উপকরণ একসাথে মিলিয়ে মাছের গায়ে মাখিয়ে ২৫-৩০ মিনিট মেরিনেটে রাখুন। বেকিং ডিশে ফয়েল শিট বিছিয়ে, ফয়েল শিটের উপর মাছ রেখে, মাছের গায়ে টমেটো সস লাগিয়ে পনির গুঁড়া ছিটিয়ে দিন। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সে. তাপে ৩৫-৪০ মিনিট বেক করুন। তৈরি হয়ে গেল হোল তেলাপিয়ারেক।
গ্যাসের চুলায় চিকেন টিক্কা
উপকরণ :মুরগি ১ কেজি, টক দই চার ভাগের এক কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, কারি পাউডার আধা চা চামচ, সরিষার তেল ৫ টেবিল চামচ, ধনেপাতা মিহি কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, কয়লার টুকরো ৪টা, ঘি ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল আধা কাপ।
প্রণালি :মুরগিটি ৮ টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। টক দই, আদা-রসুন-পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, গরম মসলা, কারি পাউডার, ধনে পাতা, সরিষার তেল, লবণ দিয়ে মুরগিটা মেরিনেটেট করে রাখুন ৩-৪ ঘণ্টা। চুলায় বড় ফ্রাইপ্যান দিন, গরম হলে অল্প তেল দিন। তারপর এক পিস করে মাংস ছাড়ুন। একটা ফ্ল্যাট ঢাকনা দিন মাংসর উপর। ঢাকনার উপর ভারী কিছু দিন যেন চেপে থাকে। অল্প আঁচে ১৫ মিনিট রাখুন। ১৫ মিনিট পর মাংস উল্টিয়ে দিয়ে আবার আগের মতো রাখুন। আরেক চুলায় সরাসরি কয়লা দিয়ে গরম করুন। ততক্ষণে মাংস প্যান থেকে তুলে ঢাকনা দেওয়া যায় এমন একটি পাত্রে রাখুন। কয়লা গরম হলে স্টিলের একটা পাত্রে তুলে তাতে ঘি ঢেলে দিন। ঘি ঢালার সাথে সাথে ধোঁয়া উঠতে থাকবে। খুব দ্রুত চিকেন টিক্কার মাঝে বাটিসহ কয়লা বসিয়ে ঢাকনা দিয়ে দিন। ১০ মিনিট পর পরিবেশন করুন। চুলাতেই হয়ে গেল আপনার কয়লার ফ্লেভারের চিকেন টিক্কা।
মিক্স সবজির সাথে মুরগি
উপকরণ :গাজরে লম্বা করে স্লাইস ১ কাপ, পেঁপে স্লাইস ১ কাপ, বরবটি আধা কাপ, চিচিঙ্গা স্লাইস ১ কাপ, মুরগির হাড় ও মাংস ১ কাপ, আদা বাটা চারভাগের এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, পেঁয়াজ স্লাইস আধা কাপ, চিনি ২ চা চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, কাঁচা মরিচ ফালি ৮টি, লেবুর রস ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ।
প্রণালি :বড় প্যানে প্রথমে পানি ফুটিয়ে নিন। তার মধ্যে ১ চা চামচ লবণ দিয়ে দিন। গাজর ও পেঁপেতে ১ চিমটি বেকিং পাউডার মাখিয়ে গরম পানিতে দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। এবার চিচিঙ্গা ও বরবটিতেও ব্যাকিং পাউডার মাখিয়ে সিদ্ধ দিন প্যানের মধ্যে। ৩ মিনিট সিদ্ধ করুন। সিদ্ধ সবজির পানি ছেঁকে ফেলুন। প্যানে গরম তেলে পেঁয়াজ কুচি ও মাংস দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। ৫ মিনিট পর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। সয়াসস, লবণ ও পানি দিয়ে মাংস রান্না করুন। সিদ্ধ হলে সবজিগুলোতে কাঁচা মরিচ, টেস্টি সল্ট দিন। ১ কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে সবজিতে দিয়ে দিন। নাড়াচাড়া করুন সাবধানে, যেন সবজি ভেঙে না যায়। এবার লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।
দেশি ডিমের কোর্মা
উপকরণ :ডিম ৮টি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, দুধ ১ কাপ, টকদই আধা কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৫টি, লবঙ্গ ৪টি, দারুচিনি ২ টুকরো, গোল মরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, ঘি চার ভাগের তিন কাপ, লবণ পরিমাণমতো।
প্রণালি :ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে কেঁচে সামান্য লবণ, ১ চিমটি হলুদ ও ২ টেবিল চামচ দই দিয়ে মেখে নিন। প্যানে ঘি গরম করে ডিমগুলো ভেজে নিন। প্যান থেকে ডিমগুলো উঠিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে বেরেস্তা করে এর ভেতর আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন। মসলা তেলের উপরে উঠে এলে এরমধ্যে দই দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো মসলায় গরম মসলা, দুধ দিয়ে নেড়ে, ফুটিয়ে ডিমগুলো, লবণ, চিনি, কাঁচা মরিচ, মিষ্টি দই দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দিন। ডিমের উপরে ঘি ঢেলে নামিয়ে ফেলুন।