বাংলাদেশ গেমস ২০১৩

পড়ার টেবিল থেকে ট্র্যাকে রাজত্ব

অ্যাথলেটিকসের দুইশ’ মিটার স্প্রিন্টে এতোদিন রাজত্ব ছিল বিজেএমসির নাজমুন নাহার বিউটি এবং সেনাবাহিনীর আজহার হোসেনের। এবার চলমান বাংলাদেশ গেমসে তাদের হটিয়ে দিয়েছেন দুই তরুণ অ্যাথলেট বিকেএসপির আবু রায়হান এবং জাকিয়া সুলতানা সুবর্ণা। পরীক্ষার হল থেকে উঠে এসে চমক দিলেন সুবর্ণা এবং আবু রায়হান। দুইশ’ মিটার স্প্রিন্টের লড়াই হয়েছে ইলেক্ট্রনিক টাইমিংয়ে। সেনাবাহিনীর আজহারুল ইসলামকে (২২.৬) পেছনে ফেলে আবু রায়হান (২১.৯৮) এবং বিকেএসপির শিরিন আক্তারকে (২৫.৪৭) পেছনে ফেলে একই দলের জাকিয়া সুলতানা সুবর্ণা (২৫.১৩) স্বর্ণ জয় করেন। দু’জনের মধ্যে জাকিয়া সুলতানা নতুন রেকর্ড গড়েছেন। তার আনন্দটা একটু বেশি। তিনি জানতেন না রেকর্ড হয়েছে। যখন জানতে পারলেন তখন তার খুশি দেখে অন্যদের ঠোঁটেও হাসি। আবু রায়হান এবং জাকিয়া, দু’জনে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। গত পরশুও তারা পরীক্ষার টেবিলে ছিলেন। খাতা-কলম রেখে এসে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়ে সোনার পদক তুলে নিজেদের নাম ছড়িয়ে দিলেন ক্রীড়াঙ্গনে। সোনা জয়ী নতুন মুখ আবু রায়হান এবং জাকিয়া সুবর্ণার একটাই কথা —খেলাটা আরো পরে হলে ভালো হতো। আবু রায়হান বললেন, ‘পরীক্ষার সময় এ ধরনের মিট দেয়াটা ঠিক হয়নি।’ আর সুবর্ণা বললেন, ‘আমি তো মনে মনে চেয়েছিলাম গেমসটা পিছিয়ে যাক। হয়নি সেটা। পরীক্ষার পরে হলে আরো ভালো হতো এটা। বাংলাদেশ তো কিছু ভেবে দেখে না।’ বিকেএসপির ছাত্র আবু রায়হান একদিকে খুশি আবার অন্যদিকে অখুশিও। কারণ নিজের রেকর্ড ভাঙ্গতে পারেননি। অথচ এটা ছিল স্বপ্ন। তুলনা করলেন এভাবে-এইচএসসি পরীক্ষা আমি জিপিএ ফাইভ পাওয়ার চেয়ে অ্যাথলেটিকসে একটা ব্রোঞ্জ পদক পাওয়া অনেক আনন্দের। আমি তো স্বর্ণ পদক পেয়েছি। তারপরও বলব লেখাপড়াটা আমার জন্য জরুরি।’ গতকাল বাংলাদেশ গেমস অ্যাথলেটিকসের সবচেয়ে হতাশার খবর ছিল নাজমুন নাহার বিউটির দুইশ’ স্প্রিন্টের খেতাব হারানো। বিউটি এমন একজনের কাছে হারালেন যার বয়স বিউটির চেয়ে অনেক কম। স্বর্ণ জয় করে জাকিয়া বলেন, এতোদিন (বিউটি, চুমকি) উনারা জিততে ছিলেন। আমরা নতুন প্রজন্ম এসেছি। এখন আমরা খেলতে চাই।’ জাতীয় অ্যাথলেটিকসের গত আসরে বিউটির সাথে লড়াই করে দ্বিতীয় হয়েছিলেন সুবর্ণা। ‘সেই হারের পর থেকে একটা জেদ ছিল বিউটি আপাকে হারাবো। পাঁচ মাস প্রশিক্ষণ নিয়েছি-বললেন নাটোরের বাগতিপাড়ার মেয়ে সুবর্ণা। ১০০ মিটারে লড়বেন কিনা জানতে চাইলে বলেন আমি ১০০ মিটারের খেলাটা খেলতে চাই। আর সত্যি কথা হচ্ছে আমি ১০০ মিটারের নাম শুনলে ভয় পাই।’ নতুন মুখ জাকিয়া সুলতানা সুবর্ণার কাছে হেরে নাজমুন নাহার বিউটি বললেন, ভালো অনুশীলন হয়নি। বিপিএড পরীক্ষা ছিল। তা ছাড়া ইনজুরি ছিল। এখনও ইনজুরি রয়েছে।’ ১০০ মিটার স্বর্ণ পদকটি রক্ষা হবে কিনা জানতে চাইলে হাসতে হাসতে বললেন আমি জেদ করলে সবই পারি।’ আবু রায়হান এবং সুবর্ণাকে তৈরি করেছেন এদেশের আরেক সাবেক অ্যাথলেট আব্দুল্লা হেল কাফী। তিনি চারজনকে আলাদা করে কঠোর অনুশীলন করিয়েছেন বিকেএসপিতে। তাদের আরো ভালোর করানোর ইচ্ছে আছে ’৯৯ সালের দ্রুততম মানব এবং কাঠমান্ডু সাফ গেমসের রীলেতে ব্রোঞ্জ পদক জয়ী আব্দুল্লাহ হেল কাফীর।