ক্রিকেটের সেমিতে রংপুর ও খুলনা

ঢাকা বিভাগকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে যুক্ত হওয়া ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী দিনে নাটকীয় খেলায় সুপার ওভারে জিতে সেমিফাইনালে উঠেছে রংপুর বিভাগ। দিনের অন্য খেলায় বরিশালকে ৩৬ রানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে খুলনা বিভাগ। রংপুর বিভাগ গতকাল সোমবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হওয়া দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে সাত উইকেটে করে ১৬৯ রান। টি-টোয়েন্টির এ খেলায় সর্বোচ্চ ৪৪ রান করেন ধীমান ঘোষ। ঢাকার পক্ষে মোহাম্মদ শরীফ তিনটি এবং মোশাররফ হোসেন রুবেল দুইটি উইকেট নেন। জয়ের জন্য এ লক্ষ্য তাড়া করতে গিয়ে ঢাকা বিভাগও ২০ ওভারে সাত উইকেটে ১৬৯ রান তুললে ম্যাচ টাই হয়। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন রনি তালুকদার। নুরুল হাসানের ব্যাট থেকে আসে ৪১ রান। রংপুরের আরিফুল তিনটি এবং তানভীর হায়দার দুইটি উইকেট নেন। সঙ্গত কারণেই খেলাটি সুপার ওভারে গড়ায় এবং প্রথমে ব্যাট করে ঢাকা এক উইকেট হারিয়ে ৮ রান তোলে। জবাবে রংপুরের আলাউদ্দিন বাবু ৪ বলেই ১০ রান তুলে দলকে দুর্দান্ত এক জয় এনে দেন। সুপার ওভারের নায়ক বাবু হন ম্যাচসেরা। এর আগে গেমস ক্রিকেটের উদ্বোধনী খেলায় নাজমুস সা’দাতের অপরাজিত ৯০ রানে খুলনা দুই উইকেটে ১৭৪ রান তোলে। তুষার ইমরান ৪৫ এবং ইমরুল কায়েস ২৯ রান করেন। বরিশালের সৈয়দ রাসেল ও মনির হোসেন পান একটি করে উইকেট। বরিশাল জবাবি পালায় পুরো ২০ ওভার খেললেও ১৩৮ রানের বেশি তুলতে পারেনি। নাসির উদ্দিন ফারুক (২৭) ও ফরিদ উদ্দিন (২৭) চেষ্টা চালালেও তা যথেষ্ট ছিল না। অষ্টম বাংলাদেশ গেমসে আজ মঙ্গলবার দিনের প্রথম খেলায় সকাল ৯টায় ঢাকা মেট্রো খেলবে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে, দুপুর দুইটায় মুখোমুখি হবে রাজশাহী ও সিলেট বিভাগ।