মুন্সীগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু

মুন্সীগঞ্জে জেলা কারাগারের সায়েদ নামে এক হাজতি মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

মৃত সায়েদ সদর উপজেলার মুক্তারপুর মালীপাথর এলাকার আইয়ুব আলীর পুত্র। সায়েদের পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলা করায় তার মৃত্যু হয়েছে।

নিহত সায়েদের স্ত্রী মজিদা বেগম অভিযোগ করেন, ‘অসুস্থ অবস্থায় ১৫ দিন আগে তাকে আটক করে নেওয়া হয়। সকালে শুনতে পাই সে মারা গেছে। চিকিৎসার অবহেলায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কারাগারে সায়েদ ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা চলমান ছিল।

আরও পড়ুনঃ খুলনায় ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, সায়েদের হার্টে সমস্যা ছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন সন্ধ্যায় জানান, লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু