চল্লিশে টেন্ডুলকার
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২১:৩১
আজ ৪০ বছরে পা রাখতে যাচ্ছেন ক্রিকেটের আধুনিক যুগের সবচেয়ে বড় তারকা শচিন টেন্ডুলকার। জন্মদিনের প্রাক্কালে সব ধরনের জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে তিনি আবারো ঘোষণা করেছেন, এখনই অবসরের কোন চিন্তাও নেই তার। যদিও সাম্প্রতীক ফর্ম বিবেচনায় লিটল মাস্টারের পারফরম্যান্সে বয়সের প্রভাব খুঁজে পাচ্ছেন অনেকেই। নয়া দিল¬ীতে গত সপ্তাহে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে টেন্ডুলকার সাংবাদিকদের বলেছিলেন, ‘২০০৫ সাল থেকেই সবাই আমার অবসরের কথা বলে আসছে। কিন্তু সেটা আমাকে কোনভাবেই চিন্তিত করে তোলে না।’ আইপিএল’র ম্যাচ থাকায় আজকের জন্মদিনটা এই গ্রেটকে কাটাতে হবে কলকাতাতেই। আর এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপহার দেয়া ৪০ পাউন্ডের একটি কেক কাটবেন তিনি। কেকের উপরে শোভা পাবে তার ৪০ টি ভিন্ন ছবিও।