স্কলারির ভাবনায় কাকা নয়তো রোনালদিনহো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২১:৪৪
কোচ লুইস ফিলিপ স্কলারি আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠেয় কনফেডারেশন কাপের দলে কাকা ও রোনালদিনহোকে একসাথে নয়; যেকোন একজনকে বেছে নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
স্থানীয় ফোলহা ডি এস পাওলো পত্রিকায় এক সাক্ষাত্কারে স্কলারি জানান, বিশ্বকাপ ফুটবলের আগে কনফেডারেশন কাপ আয়োজনের মাধ্যমে ব্রাজিলের একটি প্রস্তুতিও সম্পন্ন হবে। ব্রাজিল দলে অভিজ্ঞ এই দুই খেলোয়াড়ের একসাথে খেলার সম্ভাবনা খুবই কম। তিনি আরো জানিয়েছেন, এই দু’জনকেই তিনি যথেষ্ট সুযোগ দিয়েছেন। আর সেই বিবেচনায় তিনি যেকোন একজনকে মূল দলের জন্য বাছাই করবেন। স্কলারি বলেন, ‘ দু’জন খেলোয়াড়কে একসাথে খেলানোর কোন সুযোগ নেই। প্রীতি ম্যাচগুলোতেও আমি উভয় খেলোয়াড়কে একসাথে খেলানোর কোন সুযোগ পাইনি। কারণ ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তাদেরকে মাঠে নামাতে হয়েছিল। তাই এটা অন্তত নিশ্চিত যেকোন একজনই কনফেডারেশনর কাপে খেলবে।’
আগামীকাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় চিলির বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচেও রোনালদিনহো দলভুক্ত হয়েছেন। কনফেডারেশন কাপের আগে ইংল্যান্ড এবং ফ্রান্সের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আর সেই ম্যাচগুলোর দল কনফেডারেশন কাপের মূল দল হবে বলে স্কলারি ইঙ্গিত দিয়েছেন। স্কলারি দ্বিতীয়বারের মত জাতীয় দলে ফিরে আসার পরে এই পর্যন্ত খেলা চারটি ম্যাচে ইংল্যান্ডের সাথে ২-১ গোলে পরাজিত হলেও রাশিয়া ও ইতালির বিপক্ষে যথাক্রমে ২-২ ও ১-১ গোলে ড্র এবং বলিভিয়াকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। আগামী ১৫ জুন ব্রাসিলিয়ায় জাপানের বিপক্ষে কনফেডারেশন কাপ শুরু হবার আগে ব্রাজিল দলে খুব কমই পরিবর্তন করতে হবে বলে তিনি জানিয়েছেন। তার মতে দল বর্তমানে সঠিক পথেই আছে। দলের কৌশলেরও বড় কোন পরিবর্তনের প্রয়োজন নেই। শুধুমাত্র খেলোয়াড় নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। - বাসস