বাংলাদেশ গেমস ২০১৩
টু কি টা কি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২১:৪৫
দাবার আরেকটি টুর্নামেন্ট শুরু
স্পোর্টস রিপোর্টার
অষ্টম বাংলাদেশ গেমসের নতুন ডিসিপ্লিন দাবা, মিক্সড ক্লাসিক্যাল দলগত দাবা গতকাল জাতীয় ক্রীড়া পরিষষদ টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে শুরু হয়েছে। বাংলাদশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাদে রেজা দুপুরে একটি খেলায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সাথে দাবায় চার দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। গতকাল নৌ-বাহিনী, আনসার, তিতাস, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম জেলা, বাগেরহাট, গোপালগঞ্জ, রংপুর, ফায়ার সার্ভিস নিজ নিজ খেলায় জিতেছে। আজ সকাল ১১টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
অবসর নিলেন দুই ক্রীড়াবিদ
আর খেলবেন না দেশের খ্যাতনামা সাঁতারু কারার সামেদুল। গতকাল তিনি অবসর নিয়েছেন। তার সাথে সাথে কাবাডি কোট থেকে বিদায় নিয়েছেন মহিলা খেলোয়াড় মালেকা পারভিন।
সুমিতার পাশে মাসুদ
যে ইভেন্টে সুমিতা স্বর্ণ জয় করেছেন সেই ইভেন্টে পুরুষদের লড়াইয়ে বিজেএমসির মাসুদ খান (১৪ঃ৭৬) স্বর্ণ জয় করেছেন। ১১০ মিটার হার্ডলসের এই লড়াইয়ে বিজিবির আসাদুল ইসলাম (১৪ঃ৮৮) রৌপ্য এবং সেনাবাহিনীর মজিবর রহমান ব্রোঞ্জ জয় করেন।
চারশ মিটারে সেরা জাকিয়া ও মারুফ
দুই শ মিটার স্প্রিন্টে বিউটিকে হারানোর পর আবার স্বর্ণ জয় করেছেন বিকেএসরি সেই তরুণী জাকিয়া সুলতানা সুবর্ণা। তিনি গতকাল বাংলাদেশ গেমস অ্যাথলেটিকসের ৪০০ মহিলা ইভেন্টে বিজেএমসির রওশন আরা পুতুলকে (১ঃ০১ঃ৮৮) অনেক পেছনে ফেলে জাকিয়া সুলতানা সুবর্ণা ৫৯ঃ২৬ সেকেন্ডে দৌড় শেষ করেন। বিকেএসপির জাকিয়া পারলেও মান রাখতে পারেনি বিকেএসপির মাহবুবুল আলম। এই ইভেন্টে পুরুষদের লড়াইয়ে সেনাবাহিনীর মারুফ হোসেন স্বর্ণ জয় করেন। তার স্কোর আরো ভালো ৪৮ঃ৬৫ সেকেন্ড।