সফটওয়্যার ও আইটিইএস খাতে মূসক অব্যাহতিতে বেসিসের প্রস্তাব
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২০:৪৬
গত ২৩ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের সভাকক্ষে আসন্ন বাজেটে মূল্য সংযোজন কর, আয়কর, শুল্ক প্রভৃতি বিষয়ে তথ্যপ্রযুক্তি সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পক্ষ থেকে প্রস্তাব পেশ করেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর। এ সময় বেসিস’র সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান ও সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: গোলাম হোসেন। সভায় বেসিস’র পক্ষ থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কাস্টমাইজড সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসেস এস ০৯৯.১০ কোডের আওতায় অন্তর্ভুক্ত করা, তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার জন্য প্রযোজ্য ৪.৫% মূসক প্রত্যাহার করা, ই-কমার্স লেনদেনের উপর থেকে আগামী ৩-৫ বছরের জন্য মূসক প্রত্যাহার, তৈরি পোশাক শিল্পের মতো তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের বাণিজ্যিক এলাকায় অফিস স্থাপনের জন্য বাড়িভাড়ার উপর থেকে ৯% মূসক প্রত্যাহার করা, ইন্টারনেট এর উপর থেকে মূসক প্রত্যাহার করার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা রাখা হয়। পরে এগুলো লিখিত আকারে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের হাতে হস্তান্তর করা হয়।