শিরোপার চেয়ে ধারাবাহিক উন্নতিকে গুরুত্ব দিচ্ছেন নাদাল
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২৮
নোভাক জোকোভিচের কাছে হেরে আট বছরের মন্টে কার্লো রাজত্ব হাতছাড়া হওয়ার দুঃখ ভুলে রাফায়েল নাদালকে এখন মনোযোগ দিতে হচ্ছে বার্সেলোনা ওপেনে। স্প্যানিয়ার্ডটি অবশ্য শিরোপা জয়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নিজের ধারাবাহিক উন্নতির দিকে। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে গতকালই কার্লোস বারলকের মুখোমুখি হবার কথা ছিল তার।
মন্টে কার্লোর মতো অতটা ধারাবাহিক না হলেও বার্সেলোনায় নাদালের রেকর্ড দুর্দান্ত। এ প্রতিযোগিতায় নবম শিরোপা দখলের চাইতে নাদাল বেশি জোর দিলেন ধারাবাহিক উন্নতির ব্যাপারে। সেরা ফর্মে ফিরতে আরো কিছুটা সময় দরকার জানিয়ে সাবেক বিশ্বসেরা খেলোয়াড়টি বলেন, ‘আমার মনে হয় আমি সঠিক পথেই আছি। তবে দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকায় আমি কিছু ব্যাপারে ভুল করছি।’
টানা আট বছর মন্টে কার্লোতে একচ্ছত্র আধিপত্য করার পর গত সপ্তাহে অনুষ্ঠিত এবারের ফাইনালে তাকে হারিয়ে দেন জোকোভিচ। এই ব্যাপারটাকে গুরুত্ব দিতে একদমই নারাজ নাদাল বলেন, ‘আপনি যখন মন্টে কার্লোর ফাইনালে খেলবেন তখন বলতে পারবেন না যে সপ্তাহটা আপনি খুব খারাপ কাটিয়েছেন। বিশ্বের সেরা খেলোয়াড়টির বিরুদ্ধে হার-জিত যেকোনোটাই ঘটতে পারে। এবার আমি হেরেছি। তবে এখন আমি বার্সেলোনায় আছি এবং খেলাটা উপভোগ করতে চাই। আমি এখানে খেলতে ভালবাসি।’
ক্লে কোর্টের এই টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে বাই পান নাদাল। এরপর দ্বিতীয় রাউন্ডে তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন কার্লোস বারলককে। প্রথম রাউন্ডে আর্জেন্টাইন খেলোয়াড়টি ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের ড্যানিয়েল গিমেনো ট্রেভারকে। প্রথম রাউন্ডের অন্যান্য ম্যাচে ফেভারিটদের মধ্যে জয় পেয়েছেন আন্দ্রিয়া কুজনেতসোভা এবং আর্নেস্ত গুলবিস।