অব্যবস্থাপনা নিয়েই ক্রিকেটের সেমিফাইনাল আজ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২৯
বগুড়ায় চরম অব্যবস্থাপনার মধ্যদিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ গেমস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও আয়োজক অলিম্পিক এসোসিয়েশন বা বাংলাদেশ গেমস কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। এখনো কোন কর্মকর্তা বগুড়ায় আসেননি। আদৌ আসবেন কি না সেটাও বলতে পারছে না কেউ। আর এর মধ্যে আজ দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে খেলবে রাজশাহী বিভাগ এবং দুপুর দুইটায় রংপুর বিভাগ খেলবে ঢাকা মেট্রোর বিরুদ্ধে। আজকের দুটি সেমিফাইনাল ম্যাচ এস এ টেলিভিশন সরাসরি সমপ্রচার করবে।
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে গেমস ক্রিকেট, অথচ মাঠে কোন দর্শক নেই। বাংলাদেশ গেমস কর্তৃপক্ষ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাথে যোগাযোগ করেনি। একটা পত্র দিয়ে অবহিতও করেনি। মিডিয়া কর্মীদের বসার জায়গা নেই। এক কাপ চা, এক বোতল পানিরও ব্যবস্থা নেই তাদের জন্য। একই অবস্থা নিরাপত্তা কর্মীদেরও। স্টেডিয়ামের নিরাপত্তার জন্য প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। র্যাবের সদস্যরাও মাঝে মাঝে এসে মাঠ পরিদর্শন করেছেন। অথচ এসব নিরাপত্তা কর্মীর জন্য এক বোতল পানিরও ব্যবস্থা নেই। অতীতে প্রতিটি ক্রিকেট ম্যাচে আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তা কর্মীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হলেও এবার তাদের খোঁজ নেয়ারও কেউ নেই। এ নিয়ে নিরাপত্তা কর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।