ইন্টারনেট বৈষম্য কমাতে কর্মশালা অনুষ্ঠিত

সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ইন্টারনেট ছড়িয়ে পড়তে শুরু করলেও এখনও গ্রাম এবং শহরের মধ্যে ইন্টারনেট ব্যবহারে রয়েছে বিপুল পার্থক্য। ইন্টারনেটের মূল্য, গ্রাম পর্যায়ে ইন্টারনেট ছড়িয়ে দিতে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব প্রভৃতি কারণেই গ্রামাঞ্চলে ইন্টারনেটের ব্যবহার শহরের তুলনায় এখনও অনেক কম। সম্প্রতি রাজধানীর দ্য ডেইলি স্টার সম্মেলন কক্ষে দ্য ডেইলি স্টার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের শহর ও গ্রাম পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার বৈষম্য নিরসনে কর্মকৌশল র্নিধারণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবাইকে আমাদের সকল সম্পদ নিয়ে গ্রামমুখী হতে হবে। আর সম্পদের সুষ্ঠু বণ্টনের মাধ্যমেই ডিজিটাল বৈষম্য দূর করতে হবে গ্রাম ও শহরের মধ্যে।’ মন্ত্রী বলেন, ‘আমরা যদি ল্যাপটপ বা আধুনিক সব প্রযুক্তি পণ্য নিয়ে গ্রামে চলে যাই, তাহলে অবশ্যই পরিবর্তন আসবে গ্রামে। ইন্টারনেটের সার্বিক সুবিধা তুলে ধরতে হবে গ্রামের মানুষের কাছে। তাদের সচেতন করা গেলেই গ্রামে তথা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ আশানুরূপ হারে বাড়বে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এর জন্য গ্রামের দিকে ঝুঁকতে হবে।’ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক রাকিবুল হাসান। তিনি তার প্রবন্ধে দেশের বর্তমান ইন্টারনেট ব্যবহারের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, আমাদের দেশে গ্রাম পর্যায়ে ইন্টারনেট ছড়িয়ে দিতে মূল প্রতিবন্ধকতাই হচ্ছে ইন্টারনেট সংযোগ বহন করার খরচ। তিনি বলেন, ‘প্রতি মেগাবিট ইন্টারনেটের মূল্য ৮ হাজার টাকা হলেও ঢাকা থেকে এই সংযোগ খুলনায় নিয়ে যেতেই খরচ হয়ে যায় ৪২ হাজার টাকা।’ তবে সরকার অপটিক্যাল ফাইবার কেবল ছড়িয়ে দিয়ে ইন্টারনেট বহনের এই খরচ কমিয়ে নিতে কাজ করছে বলে জানান তিনি। কর্মশালায় আইসিটি সচিব এনআই খান বলেন, ‘শহরের তুলনায় গ্রামে ইন্টারনেটের ব্যবহার আট ভাগের ১ ভাগ। গ্রামে ইন্টারনেট ছড়িয়ে নিতে তাই এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ কর্মশালায় আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালক মনোয়ার হোসেন, আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক-এর পরিচালক তারিন হোসেনসহ সরকারি কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ ও তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।