বা ং লা দে শ গে ম স ক্রি কে ট
ফাইনালে রাজশাহী ও রংপুর
জি এম সজল ,বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২২:২৩
বাংলাদেশ গেমস ক্রিকেটের ফাইনালে উঠেছে রাজশাহী ও রংপুর বিভাগ। গতকাল সেমিফাইনালে খুলনাকে ৮ উইকেটে রাজশাহী এবং ঢাকা মেট্রোকে ৪২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ।
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে আগের ম্যাচের সেরা খেলোয়াড় নাজমুস সাদাতকে হারায় খুলনা। এরপর ইমরুল কায়েস একাই দলকে টেনে নিতে থাকেন। দলনেতা তুষার ইমরানকে সাথে নিয়ে ৪১ রানের পার্টনার শিপ গড়ে তোলেন ইমরুল। দলীয় ৫০ রানে তুষার এবং ৫৪ রানে মিথুন আলী সাজঘরে ফিরে গেলেও সাবলীল ব্যাটিং করছিলেন ইমরুল। কিন্তু দলীয় ৭৩ রানের সময় ব্যক্তিগত ৪৫ রানে তাইজুলের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল। মাত্র ৩২ বল খেলে একটি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে তিনি এ রান করেন। ইমরুলের আউটের পর আর কোন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেনি। রাজশাহীর বোলারদের দাপটে ১৭ দশমিক ৫ ওভারে খুলনার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে। মুক্তার আলী ৩টি, সাকলাইন সজিব ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট ঝুলিতে পুরেন। জবাবে রাজশাহী বিভাগ ২৭ রানে দুই উইকেট হারালেও উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর রহমান ও সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২ দশমিক ৫ ওভারেই জয় নিশ্চিত করে। মিজানুর ৩৭ বলে করেন হার না মানা ৫৬ রান। ৩টি চারের সাথে ৫টি বিশাল ছক্কায় সাজানো মিজানুরের ইনিংসটি তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এনে দেয়। সাব্বির রহমান অপরাজিত ছিলেন ২১ রানে।
অপর সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট ১৫ রানে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে রংপুর। এরপরই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট! নাঈম ইসলামের সাথে ধীমান ঘোষের ১০৪ রানের পার্টনার শিপে ভর ঘুরে দাঁড়ায় রংপুর। ধীমান ৪৮ বলে ৫৫ রান করে আউট হলেও নাঈম ইসলাম করেন ইনিংস সেরা সর্বোচ্চ ৬০ রান। মাত্র ৪১ বলে ৭টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। ইনিংসের শেষ মুহূর্তে অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ’র মাত্র ৮ বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে অপরাজিত ২২ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের বিশাল সংগ্রহ গড়ে রংপুর। আরাফাত সানি ৩টি এবং শরিফুল্লাহ ২টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রো। ১৪ দশমিক ২ ওভারে ৬ উইকেটে ৮৫ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে লার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে রংপুর বিভাগকে ৪২ রানে জয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের নাঈম ইসলাম অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
আগামীকাল শনিবার দুপুর দেড়টায় ফাইনালে রাজশাহী ও রংপুর বিভাগ লড়বে। এছাড়া সকাল ৯টায় ৩য় স্থান নির্ধারণী খেলায় খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো মুখোমুখি হবে।
স ং ক্ষি প্ত স্কো র
১ম সেমিফাইনাল ঃ খুলনা ৯৭ (১৭.৫ ওভার): ইমরুল কায়েস ৪৫, মুক্তার আলী ২৩/৩, তাইজুল ১২/২, সাকলাইন সজিব ৪/২,
রাজশাহীঃ ৯৯/২ (১২.৫ ওভার), মিজানুর ৫৬*, মুরান খান ৩৭/১, আল আমিন ৮/১।
ফলাফল ঃ রাজশাহী ৮ উইকেটে জয়ী, ম্যান অব দ্য ম্যাচ মিজানুর (রাজশাহী)
২য় সেমিফাইনালঃ রংপুর ১৭৩/৫ (২০ ওভার), নাঈম ইসলাম ৬০, ধীমান ঘোষ ৫৫, আরাফাত ছানি ২৮/৩, শরিফুল্লাহ ২৮/২,
ঢাকা মেট্রো: ৮৫/৬ (১৪.২ ওভার), মেহরাব জুনিয়র ২৭*, শুভাশীষ রায় ২৭/৩, নাঈম ইসলাম ২১/২।
ফলাফল ঃ রংপুর বিভাগ ৪২ রানে জয়ী (ডি/এল অনুযায়ী)। ম্যান অব দ্য ম্যাচ নাঈম ইসলাম (রংপুর)