মাদারীপুরে মসজিদে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মজিবর বেপারী (৫০) নামে একজনকে মসজিদের ভিতর কুপিয়ে হত্যা করেছে মামাতো ভাইয়েরা।

 

মঙ্গলবার রাতে আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামে তারাবীর নামাজের আগ মুহুর্তে এ ঘটনাটি ঘটে ।  মজিবর বেপারী একই এলাকার মৃত নওয়াব আলী বেপারীর ছেলে। মজিবর তারাবীর নামাজ পড়তে মসজিদে এসেছিলেন।

 

পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মজিবর বেপারীর সঙ্গে একই এলাকার তার ফুফাতো ভাই জুয়েল ও মামাতো ভাই আশরাফ আলী ও লিংকন বেপারীর বিরোধ চলে আসছিল। মঙ্গলবার মাগরিবের নামাজ পড়ার সময় মসজিদের ভিতর জুতা রাখা নিয়ে মজিবরের ছেলে রুবেল বেপারীর  সঙ্গে লিংকনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে লিংকন ও আশরাফ লোকজন নিয়ে মজিবরকে হত্যার পরিকল্পনা করে। তারাবির নামাজ পড়তে মজিবর মসজিদে আসলে তারা মসজিদের ভিতরে প্রবেশ করলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজৈর হাসপাতালে নেয়ার পথে মজিবর মারা যান।

আরো পড়ুন : চেন্নাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে মুম্বাই

নিহত মজিবরের স্ত্রী নাছিমা বেগম জানান, জুয়েল ইউপি নির্বাচনে মেম্বার পদে দাঁড়িয়েছিল। তাকে ভোট না দেওয়ায় আমার স্বামীকে মারার জন্য লিংকন, আশরাফ এবং জুয়েল এর আগে ২ বার চেষ্টা  করেছে। মঙ্গলবার তুচ্ছ ঘটনার জের ধরে তারা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

 

রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া জানান, তুচ্ছ ঘটনার জের  ধরে প্রতিপক্ষরা মজিবরকে মসজিদের ভিতর কুপিয়ে হত্যা করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।

 

ইত্তেফাক/এএম/ইউবি