ই উ রো পা লি গ
চেলসির নাটকীয় জয়
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২১:১৩
ডেভিড লুইজের অন্তিম মুহূর্তের গোলে চেলসি গত বৃহস্পতিবার রাতে নাটকীয়ভাবে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক এফসি বাসেলকে ২-১ ব্যবধানে হারায়। একই রাতে তুরস্কের দল ফেনেরবাখ ১-০ গোলে হারায় পর্তুগালের বেনফিকাকে।
বাসেল এই প্রথম ইউরোপীয় পর্যায়ে কোন সেমিফাইনালে খেলতে এসে ৮৭ মিনিট পর্যন্ত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সুইস দলটির হয়ে সমতা ফেরান ফ্যাবিয়ান সচার। তিনি পেনাল্টি থেকে গোলটি করেছিলেন। চেলসি এর আগে ১২ মিনিটে ভিক্টোর মোসেসের গোলে এগিয়ে গিয়েছিল।
নির্ধারিত সময়ের খেলা শেষে রেফারি অতিরিক্ত চার মিনিট যোগ করলে একেবারে অন্তিম মুহূর্তে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক নিয়ে বাসেলের রক্ষণভাগ ভেদ করে গোল করেন লুইজ। এই জয়সূচক গোলে এগিয়ে যায় চেলসি যারা আগামী সপ্তাহে নিজের মাঠ স্টামফোর্ড ব্রিজে খেলবে ফিরতি লেগ। সঙ্গত কারণেই কোচ রাফায়েল বেনিতেজের দল বিপক্ষের মাঠে জয়ের সুবাদে ফিরতি লেগের আগে নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখলো। চেলসির অন্তর্বর্তীকালীন ম্যানেজার বেনিতেজ খেলা শেষে বলেন, ‘আমরা ভাল একটি দলের বিপক্ষে খেলেছি। আপনি দেখে থাকবেন ম্যাচের গতি যেমন ছিল, তীব্রতাও ছিল তেমন। কিন্তু আমরা গোলের যথেষ্ট সুযোগ পেয়েছি এবং পেনাল্টি পাই, যেটা বিস্ময়কর ছিল সবার জন্য। এটা ব্যবধান গড়ে দিতে পারতো। জয় সব সময়েই গুরুত্বপূর্ণ। বাইরের মাঠে গোল করাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই দুটি গোল হয়েছে এবং জয় আসায় ভাল হয়েছে।’
সফরকারীদের জন্য অতৃপ্তির কারণ হতে পারে অ্যাশলে কোলের হলুদ কার্ড। তিনি ফিরতি লেগে খেলতে পারবেন না। একই কারণে ফিরতি লেগে ফিরতে পারছেন না বাসেলের সেন্টার ব্যাক অ্যালেকজান্ডার ড্রাগোভিচও।
বাসেল কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিল। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডেরও বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিল দলটি। এই ম্যাচেও ভালই খেলছিল বাসেল। কিন্তু চেলসি ম্যাচের শুরুর দিকে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত জয়ও তুলে নেয়।
টেনিস তারকা রজার ফেদেরার বাসেলের বাসিন্দা খেলাটি উপভোগ করেছেন মাঠে বসে। দলের হারে নিশ্চয় হতাশ হয়ে থাকবেন তিনি!
এদিকে ফেনেরবাখ প্রতিযোগিতার অপর সেমিফাইনালে ৭২ মিনিটে এজমেন কর্কমাজের গোলে জয় তুলে নিতে সক্ষম হয়। নিজ মাঠে পাওয়া গোলটির সুবাদে পর্তুগালে যাওয়ার আগে এগিয়ে থাকলো তুরস্কের দলটি। আগামী ২ মে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
উয়েফা ইউরোপা লিগ
সেমিফাইনাল, প্রথম লেগ
এফসি বাসেল ১ চেলসি ২
ফেনেরবাচ ১ বেনফিকা ০