কষ্টসাধ্য জয়ে শেষ আটে শারাপোভা

মারিয়া শারাপোভা তিন ঘণ্টার এক কষ্টসাধ্য লড়াইয়ে লুসি সাফারোভাকে হারিয়ে পোর্শে গ্র্যা প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভা টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে গত বৃহস্পতিবার ৬-৪, ৬-৭ (৩-৭), ৬-৩ গেমে হারান সাফারোভাকে। রুশ টেনিস কন্যা ছাড়াও শেষ আট নিশ্চিত করেছেন চীনের লি না এবং জার্মানির অ্যাঞ্জেলিক কারবারও। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবেই জার্মানির স্টুটগার্টের এই টুর্নামেন্টে মাঠে নামা শারাপোভার এ বছর নিজের প্রথম ক্লে-কোর্ট টুর্নামেন্ট বলেই হয়তো কোর্টে কিছুটা অস্বচ্ছন্দ ছিলেন এই রাশিয়ান তারকা। প্রথম সেটটি ৬-৪ গেমে জেতার পর দ্বিতীয়টিতে পিছিয়ে পড়েন শারাপোভা। দুটি সেট পয়েন্ট বাঁচালেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হার মানতে হয় তাকে। এরপর তৃতীয় এবং শেষ সেটে প্রতিপক্ষের সার্ভে পয়েন্ট তুলে নিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে শারাপোভাকে এরপরও আরো কিছুক্ষণ অপেক্ষায় রাখেন সাফারোভা। চারটি ম্যাচ পয়েন্টের সুযোগ হাতছাড়া করার পর অবশেষে পঞ্চম ম্যাচ পয়েন্টটি কাজে লাগাতে সক্ষম হন তিনি। পরিশ্রান্ত শারাপোভা ম্যাচ শেষে বলেন, ‘আমার ক্যারিয়ারে তিন ঘণ্টার ম্যাচ খুব বেশি একটা খেলিনি। আমি জানতাম আমার শুধু খেলায় লেগে থাকতে হবে। আপনাকে আপনার পরিকল্পনাটা কাজে লাগাতে হবে এবং ধীরস্থির থাকতে হবে।’ সাফারোভাকে ক্লে-কোর্টের দারুণ একজন খেলোয়াড় উল্লেখ করে রাশিয়ান গ্লামার কুইন বলেন, ‘ক্লে-কোর্টে সে দারুণ স্বচ্ছন্দ এবং আমি জানতাম এটা কঠিন একটা ম্যাচই হতে যাচ্ছে। তাই পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি। আর ক্লে-কোর্টে মৌসুমে প্রথম ম্যাচটা কখনোই সহজ হওয়ার কথা নয়। এটা কোন প্রাকটিস ম্যাচ নয়।’ শেষ আটে শারাপোভার প্রতিপক্ষ হবেন সার্বিয়ার আনা ইভানোভিচ। দ্বিতীয় রাউন্ডে ইভানোভিচ ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই রাশিয়ার নাদিয়া পেত্রোভাকে। দ্বিতীয় বাছাই চীনের লি না ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন অবাছাই ক্রোয়েশিয়ার মিরজানা লুসিসকে। লি না’র মত সহজ জয়ে শেষ আটে উঠেছেন কারবারও। অবাছাই রাশিয়ার আনাসতাসিয়া পেলিউচেনকোভাকে হারিয়েছেন কারবার। ম্যাচের ফল ছিল ৬-০ ও ৬-৪। তবে সারা ইরানির যুক্তরাষ্ট্রের বেথানি মাটেক স্যান্ডসের কাছে হেরে গেছেন ৬-০, ৪-৬, ৬-১ গেমে।