স্কোলারির নেইমার স্তুতি!

তাকে মানা হয় এই প্রজন্মের অন্যতম সেরা একজন ফুটবলার, অনেকের কাছেই তিনি ইউরোপের বাইরে খেলা এই মুহূর্তে অন্যতম সেরা স্ট্রাইকার। তাকে নিজেদের দলে নিতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও চেলসির মতো বিশ্ব মাতানো ক্লাবগুলো। অথচ তার বয়স মাত্র ২১। আর নিজের নিজেরে জাতীয় দলের কোচও যে তার প্রশংসাই করবেন সেটা আর বলে দেয়া লাগে না। স্যান্তোস স্ট্রাইকার নেইমার দস স্যান্তোসের জন্য তাই অবারিত প্রশংসার কোন কমতি করলেন না ব্রাজিলিয়ান কোচ লুইজ ফিলিপ স্কোলারি। চিলির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পরে সমর্থকদের দুয়ো থেকে নেইমারকে বাঁচাতে এগিয়ে এলেন ব্রাজিলের কোচ লু্ইজ ফিলিপ স্কোলারি। ব্যক্তি এবং খেলোয়াড় হিসেবে নেইমারকে অসাধারণ উল্লেখ করলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে মোটেই খুশি নন ব্রাজিল কোচ। মিনেইরোতে চিলির বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করতে হয় ব্রাজিলকে। ব্রাজিলের দ্বিতীয় গোলটি আসে নেইমারের পা থেকে। এছাড়া দলের প্রথম গোলেও ছিল তার অবদান। পুরো ম্যাচে ভাল খেললেও ম্যাচের ৩৫ তম মিনিটে একটা সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। তাই ম্যাচ শেষে দলের অন্যান্য খেলোয়াড়দের পাশাপাশি স্বাগতিক দর্শকদের দুয়ো শুনতে হয় নেইমারকেও। স্কোলারির জন্য ম্যাচটা ছিল ব্রাজিলের ঘরোয়া লিগে খেলা খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ। তবে সেটা করতে পারলেও সমর্থকদের দুয়োধ্বনি থেকে বাঁচতে পারেননি তিনি। তাই ম্যাচ শেষে এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকাটিকে বাঁচাতে এগিয়ে আসতে হলো তাকেই, ‘সে দুর্দান্ত একজন খেলোয়াড়। সে প্রতিম্যাচেই গোল করে। আমি তাকে আঘাত করতে পারেন, মারতে পারেন; তবে আপনি যাই করেন না কেন সে গোল করবেই। সে আসলেই অন্য ধরনের। ব্যক্তি এবং মানুষ হিসেবে সে অসাধারণ।’ এদিকে আগামী ১৪ মে স্কোলারি ব্রাজিলের কনফেডারেশন্স কাপের দল ঘোষণা করবেন। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের আগে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন তিনি নিজেই। বিশ্বকাপের আগে দলকে যে জায়গায় দেখতে চান, দলটি সেখান থেকে অনেকটা পিছিয়ে আছে বলে মনে করছেন ২০০২ বিশ্বকাপ জয়ী কোচ। তিনি বলেন, ‘নিজেদের সেরা খেলার ধারে কাছেও আমরা নেই। সেটা খেলোয়াড়দের, আমার সবারই জানা। তাই আমরা এখনই আশাবাদী হতে পারছি না এবং আমাদের এ ধরনের সমালোচনা উপেক্ষা করতে হবে। চিলির সঙ্গে ড্র করা মানেই পৃথিবী শেষ হয়ে যাওয়া নয়। আমরা যেটা ভেবেছি ব্যাপারটা সেরকম হয়নি। তাই আমাদের আরো পরিশ্রম করতে হবে।’ ব্রাজিল সমর্থকরাও নিশ্চয়ই এখানেই শেষ মানতে চান না!