শ্বাসরুদ্ধকর জয় পেল যুবরা

শেষ ওভারে দরকার ২ রান; হাতে আছে ৪ উইকেট। সমীকরণটা খুব সহজ। কিন্তু এখান থেকেই শুরু হল চরম নাটক। ওভারের প্রথম বলে এলো এক রান; চার বলে তিনটি উইকেট হারিয়ে ফেললো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল; রান এলো না একটাও। ফলে শেষ বলে দরকার এক রান। এখন? না, সহজ ম্যাচটা এমন কঠিন করে ফেললেও হারের কষ্টে পুড়তে হয়নি বাংলাদেশিদের। শেষ বলে চার মেরে দলকে এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন মোস্তাফিজুর রহমান। আর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এই জয়ের ভেতর দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। রমেশ মেন্ডিস ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজয় ঠেকাতে পারেননি। শ্রীলংকার ২৭৭ রানের চ্যালেঞ্জের জবাবটা বাংলাদেশ দিয়েছে তবে ম্যাচটি কঠিন করে। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র দুই রানের। প্রথম বলে ইয়াসির আলি এক রান নিলেও এরপর চার বলে নেহাদুজ্জামান, রিফাত প্রধান এবং জোবায়ের হোসেনকে ফিরিয়ে দেন রমেশ। তবে শেষ নাটকীয়তা বাংলাদেশের বিপক্ষে যেতে পারেনি মোস্তাফিজের বাউন্ডারিতে। সিরিজের প্রথম ম্যাচটি হারলেও স্বাগতিকরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি জয় পায় ১১৫ রানের বিশাল ব্যবধানে। জয়ের ভিতটা গড়ে দিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত থাকলেন তিনি; ম্যাচ সেরা এই ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ছিল ৮১। গত বছর ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে অভিষেক ম্যাচে এই স্কোর করেছিলেন। কাল সেটিকে ছাড়িয়ে করলেন সর্বোচ্চ ৯৮ রান। যদিও শ্রীলংকার বিপক্ষে চারদিনের ম্যাচে একটি সেঞ্চুরি রয়েছে মোসাদ্দেকের। শ্রীলংকার ২৭৭ রানের জবাবে ৬৯ রানে তিন উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে অধিনায়ক ও জয়রাজ শেখ ১২৬ রানের জুটি গড়েন। মূলত এই জুটি বাংলাদেশকে জয় পাইয়ে দিয়েছে। জয়রাজ ৯০ বলে ৭৪ রান করে বিদায় নেন। এই জুটি যখন দলকে সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তখনই শেষ ওভারে এই নাটকীয়তা। এর আগে সফরকারী দলের সামারাভিরার ৮৩ রান এবং ভিরাকোডির ৬৫ রানে শ্রীলংকা পায় ২৭৭ রান। সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ আজ শনিবার অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল- ৫০ ওভারে ২৭৭/৮ (সামারাভিরা ৮৩, সেনদান ৬৫, দিনকু ২৬, জোবায়ের ৩/৬০, মোস্তাফিজ ২/৪৯)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ৫০ ওভারে ২৮১/৯ (মোসাদ্দেক ৯৮, ইয়াসির অপ: ২১, ইমন ৭৪, রমেশ ৩/৩৯, করুনারত্ন ২/৬৩, ফার্নান্ডো ২/৭১)। ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয়ী ১ উইকেটে।