বাংলাদেশ প্রিমিয়ার লিগ
শেখ জামালকে হারিয়ে সকারের অবনমন এড়ানো নিশ্চিত প্রায়
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২২:০১
ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে অবনমনের শংকার মধ্যে থাকা স্বাগতিক সকার ক্লাব নিজেদের দৃশ্যত নিরাপদ অবস্থানে পৌঁছে গেলো। সকার ক্লাব গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পর্বে শেখ জামালের কাছে একই ব্যবধানে পরাজিত হয়েছিল।
শেখ জামালের নাইজেরিয়ান খেলোয়াড় সানডে সিজোবা ৩৭ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। এটি ছিল লিগে তার সপ্তম গোল। এরপর প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ৭১ মিনিটে ফেনী সকার ক্লাবের খেলোয়াড় বেনিনের ওয়াসিও ওকালাওয়ান ওলাডিকপিকরো এক গোল করে খেলায় সমতা আনেন। ৮২ মিনিটে লাইবেরিয়ান অ্যান্থনি পোল ডো সকারের জয়সূচক গোলটি করলে উল্লাসে মাতোয়ারা হয় স্বাগতিক দর্শকরা।
শেখ জামালের খেলোয়াড়রা এরপর গোল শোধের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। তবে খেলাটি ছিল প্রাণবন্ত এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ জয়ে ১৪ খেলা শেষে সকার পেল ১১ পয়েন্ট। অপরদিকে একই সংখ্যক খেলা শেষে শেখ জামাল তাদের আগের অর্জন ২৮ পয়েন্টেই থাকলো। গতকাল শুক্রবার বিকালে খেলাটি শুরুর আগে সাভারের ভবন ধসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।