দশ মিটারে এয়ার রাইফেলে সেরা রাব্বি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২২:০১
শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে নতুন মুখ বিকেএসপির এসএসসির ছাত্র রাব্বি হানাস। তিনি এই ইভেন্টে স্বর্ণ জয় করেছেন।
পাত্তাই পাননি কমনওয়েলথ গেমস স্বর্ণ জয়ী শ্যুটার আসিফ হোসেন খান, বাছাই থেকেই বাদ পড়েছেন। শ্যুটিংয়ের নতুন নিয়মের কারণে মানিয়ে নিতে পারেননি অনেকেই। ৪৮ জন শ্যুটার বাছাইয়ে লড়াই করেন। শীর্ষ আট জন চূড়ান্ত লড়াইয়ের জন্য টিকে যান। চূড়ান্ত লড়াইয়ে যোগ হয় না বাছাইয়ের স্কোর, যে কারণে সেখানে নতুন করে শীর্ষ আট শ্যুটার লড়াইয়ে নামেন। চূড়ান্ত লড়াইয়ে এসে বিকেএসপির ছাত্র রাব্বি স্বর্ণ জয় করেন। তার ফাইনাল স্কোর ছিল ২০৪.১। ঢাকা রাইফেল ক্লাবের তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি রৌপ্য পেয়েছেন, তার স্কোর ছিল ২০৩.৬। কুমিল্লা রাইফেল ক্লাবের মাহমুদুল হাসান ১৮২.১ স্কোর করেন।