আগামী মৌসুমেই স্বরূপে ফিরতে চায় ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গেছে। গতবারের হারানো শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর হাতছাড়া করার পর ম্যানচেস্টার সিটি আরো শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন দলীয় খেলোয়াড় কোলো তোরে। যদিও লড়াইয়ে ভূমিকা রাখার সুযোগ তার খুব একটা ঘটেনি এবং ভবিষ্যতে নাও ঘটতে পারে, তথাপি আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করতে সিটি সক্ষম হবে বলে উল্লে¬খ করেন তিনি। অন্য দলগুলোর ধরাছোঁয়ার বাইরে গিয়ে একক শীর্ষস্থান নিশ্চিত রেখে চলতি সপ্তাহেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এখন ম্যানচেস্টার শহরের অপর অংশের সমর্থকরা মনোযোগ দিয়েছেন কিভাবে পরবর্তী মৌসুমের শিরোপাটা ফের ঘরে তোলা যায়। শিরোপা হার নিশ্চিত হবার পর শনিবার প্রথমবারের মত লিগের ম্যাচ খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম। চলতি মৌসুমেই সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া তোরে ম্যাচটিকে উপলক্ষে করে বলেন যে ওই হার থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছে তার দলটি। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ক্লাবে সেরা কিছু খেলোয়াড় রয়েছে। তাদের ভক্তরাও খুব সক্রিয়। তারপরও ইউনাইটেডের মত দলের মোকাবেলা করা খুবই কঠিন। তারা আমাদের চেয়ে বেশি ধারাবাহিক। এখানেই আমাদের শিক্ষার বিষয়টি রয়েছে। আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র কয়েকটি জয় দিয়ে শিরোপা ঘরে তোলা যায় না। প্রতিটি সেশনেই আপনার মানসিকতা থাকতে হবে ইতিবাচক। এটিও আমাদের শিক্ষা নেয়ার একটি বিষয়। কিছু একটা অর্জনের পর আপনি ঘুমিয়ে পড়তে পারেন না। আপনাকে ওই অর্জনকে পুঁজি করে আরো সেরা কিছু অর্জনের দিকে মনোযোগী হতে হবে। এর ফলে আপনি আরো বেশি সক্রিয় হবেন এবং আরো ভাল করার ইচ্ছা সৃষ্টি হবে।’ তিনি বলেন এই মৌসুমটা এ কারণেই কঠিন হয়ে পড়েছিল, কারণ আমরা দীর্ঘ সময় পর শিরোপা জয় করতে পেরেছি। এ কারণে আমরা এত বেশি আনন্দিত ছিলাম যে পরের মৌসুমের কথাটি মাথায় ছিল না। আমাদের এই শিরোপাটি হাতছাড়া করার কারণ কিছুটা মানহীনতার কারণে এবং কিছুটা ধারাবাহিকতা না থাকার কারণে। আর এর জন্য আমাদের ভুগতে হয়েছে। তবে আমি নিশ্চিত এই খেলোয়াড়রা আবার ঘুরে দাঁড়াবেই। ২০০৯ সালে আর্সেনাল ছেড়ে সিটিতে যোগ দেন তোরে। কিন্তু অনেকটা দুঃখ ভারাক্রান্ত হূদয় নিয়েই তাকে মৌসুম শেষে ক্লাবটি ছেড়ে যেতে হবে, কারণ তিনি এখানে নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন, তবে ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির ব্যাপারে কোন আগ্রহ দেখা যায়নি। আইভরিকোস্টের ওই ডিফেন্ডার বলেন, ‘আমি দুঃখ ভরা মন নিয়েই বিদায় নিচ্ছি। আমার কাছে এখানকার সমর্থকরা অসাধারণ। দলের কোচ যিনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন তিনিও চমত্কার ব্যক্তি। কিন্তু আমার জন্য বিগত দুটি বছর ছিল খুবই কঠিন। কারণ আমি পর্যাপ্ত খেলার সুযোগ পাইনি। যদি নিয়মিতদের কেউ ইনজুরিতে পড়েন তবেই আমার খেলার সুযোগ হয়েছে। আমি অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করলেও সেটি কোন কাজে লাগত না, কারণ আমার কাছে কোন কঠিন প্রতিযোগিতা ছিল না। এখন আমি এমন একটি জায়গা খুঁজছি যেখানে ফুটবল খেলার সুযোগ আছে। আমি যদি মাঠে খেলতে পারি এবং সেখানেই যদি অন্য কেউ আমার চেয়ে ভাল করতে পারে তাহলে অবশ্যই আমাকে বাদ দিয়ে তাকে নেয়া যেতে পারে। তবে আমি যদি তার চেয়ে ভাল খেলতে পারি তাহলে আমাকে খেলার সুযোগ দিতে হবে।’ অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখতে পারলে অষ্টম অবস্থান ধরে রেখেই ওয়েস্টহ্যাম চলতি মৌসুমটি শেষ করতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির কোচ স্যাম অ্যালার্ডিচ। তিনি সাংবাদিকদের বলেন,‘ অষ্টম অবস্থানটি আমাদের জন্য ছিল উচ্চাভিলাষী লক্ষ্য। শুরু থেকেই আমি বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থান করা। সেক্ষেত্রে ১০ম স্থান পর্যন্ত নিতে পারলেই আমাদের জন্য যথেষ্ট ছিল।’ তিনি বলেন, ‘সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন নির্ভার।’ তিনি মনে করেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সিটির শিরোপা হারানোটা অপমানজনক নয়। যদিও আগের মৌসুমে রবার্তো মানচিনির শিষ্যরাই ঘরে তুলেছিল শিরোপা। অ্যালার্ডিচ বলেন,‘ আপনাকে সব সময় স্যার এ্যালেঙ্গ ফার্গুসনের মত সেরা জনকেই অনুসরণ করতে হবে। দীর্ঘ সময় ধরেই তিনি সেরার আসনে। সুতরাং তার বিপক্ষে সফলতা ধরে রাখা খুবই কঠিন। ম্যানচেস্টার সিটি যদি এফএ কাপের শিরোপা ঘরে তুলতে পারে তাহলে এ মৌসুমটিও তাদের সফল মৌসুম হিসাবে স্বীকৃতি দিতে হবে, কারণ সেই সঙ্গে দ্বিতীয় অবস্থান নিয়ে লিগ শেষ করতে পারছে তারা। আপনি যখন দীর্ঘসময় পর শিরোপা জয় করতে পারেন তাহলে পরের আসরে সেটি ধরে রাখাটা কঠিন হবে। সে ক্ষেত্রে যত টাকাই খরচ হোক না কেন, তাতে কিছুই যায় আসে না। এখান থেকেই শিক্ষা নিবে ম্যান সিটি ও রবার্তো (মানচিনি)।’ - বাসস/এএফপি